ঘরে বসে ইউরোপের জাল ভিসা বানানো দম্পতি গ্রেপ্তার

- সর্বশেষ আপডেট ০৯:২০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 223
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর-এ ইউরোপের বিভিন্ন দেশের ভিসা জালিয়াতির অভিযোগে এক বাংলাদেশি স্বামী-স্ত্রীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
আরও পড়তে পারেন
আদালত তাদের ১ লাখ ১২ হাজার রিঙ্গিত জরিমানা এবং অনাদায়ে ৪৫ মাসের কারাদণ্ড দিয়েছেন। সাজা শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং মালয়েশিয়ায় আজীবন নিষিদ্ধ করা হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ। জানানো হয়, প্রায় তিন মাসের গোপন নজরদারির পর ১০ ফেব্রুয়ারি সুঙ্গাই বেসির একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে জাল ভিসা তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এর মধ্যে ছিল একাধিক বাংলাদেশি পাসপোর্ট, বিভিন্ন দেশের নকল রাবার স্ট্যাম্প, ভুয়া ইমিগ্রেশন স্লিপ, ল্যাপটপ ও উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি।
অভিবাসন বিভাগ জানায়, অভিযুক্ত দুজনের বয়স ৩০-এর কোঠায় এবং তারা গত আট মাস ধরে গোপনে এ কার্যক্রম চালিয়ে আসছিলেন। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত নিখুঁতভাবে ইউরোপীয় দেশগুলোর ভিসা জাল করতেন তারা। প্রতিটি ভিসার জন্য গ্রাহকদের কাছ থেকে প্রায় ২০ হাজার রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ছয় লাখ টাকার সমপরিমাণ, আদায় করা হতো।
পুলিশের ভাষ্য, তাদের কর্মকাণ্ড আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছিল। ভিসাগুলো এতটাই নিখুঁতভাবে তৈরি করা হতো যে সাধারণভাবে তা শনাক্ত করা কঠিন ছিল।
গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) অভিযুক্তদের আদালতে তোলা হলে তারা নয়টি পৃথক অভিযোগে দোষ স্বীকার করেন। আদালত মোট ১ লাখ ১২ হাজার রিঙ্গিত জরিমানা এবং জরিমানা অনাদায়ে ৪৫ মাসের কারাদণ্ডাদেশ দেন।
সাজা ভোগ শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে এবং ভবিষ্যতে মালয়েশিয়ায় প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে কালো তালিকাভুক্ত করা হবে। একই সঙ্গে এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965





































