কোটচাঁদপুরে ১৫ আগস্টের ব্যানার, নাসির শুভসহ ১৫ জন আসামি
- সর্বশেষ আপডেট ১০:৪৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / 16
ঝিনাইদহের কোটচাঁদপুরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যানার টাঙানোর অভিযোগে নাসির উদ্দিন শুভসহ ১৫ জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দেওয়া হয়েছে। এজাহারে অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) কোটচাঁদপুর পৌর এলাকার গাবতলা পাড়ার বাসিন্দা মো. আজিম হোসেন বাদী হয়ে কোটচাঁদপুর মডেল থানায় লিখিত এজাহার জমা দেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট ভোরে কোটচাঁদপুর উপজেলা গেটের সামনে এবং উপজেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের পাশের সড়কে দুটি ব্যানার টাঙানো হয়। ব্যানার দুটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৫ আগস্ট নিহতদের ছবি ছিল। পাশাপাশি নাসির উদ্দিন শুভর ছবিও সংবলিত বিভিন্ন প্রচারমূলক লেখা ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যানার দুটি উদ্ধার করে।
বাদীর অভিযোগ, নাসির উদ্দিন শুভর অর্থায়ন এবং শেখ শাহিনের নির্দেশে অন্যরা ওই ব্যানার টাঙানোর জন্য ভোর আনুমানিক ৪টা থেকে ৪টা ৪০ মিনিটের মধ্যে উপজেলা গেট এলাকায় জড়ো হন। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার টাঙান। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি ও দেশের স্থিতিশীলতা বিঘ্নিত করার ষড়যন্ত্র করা হয়েছে বলে এজাহারে দাবি করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান।
এজাহারে নাম থাকা ১৫ জন হলেন; মো. নাসির উদ্দিন শুভ, শেখ শাহিন, ওবায়দুল হক, স্বপন গাজী, মো. রুবায়েত ইসলাম রাহুল, মো. শরিফুল ইসলাম, কালাম, নয়ন আলী, আকাশ, নাহিদ, মনময়, ইমন, মো. শাফিন, ইমন হোসেন ডন ও অপু শেখ।
বাদী এজাহারে আরও উল্লেখ করেন, ঘটনার পর স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করার কারণে থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগটি পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে এজাহারে করা অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।





























