কৃষি–কৃষকই অর্থনীতির ভিত্তি: তথ্যমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৫:৫৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / 148
কৃষি ও কৃষককে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তাঁর মতে, চলমান উন্নয়ন কৌশলে কৃষিখাতকে কেন্দ্র করেই অগ্রগতি এগিয়ে নেওয়া হচ্ছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে মঙ্গলবার পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি নেতৃত্বাধীন নির্বাচিত সরকার কৃষি ও কৃষককে অর্থনীতির কেন্দ্রবিন্দুতে রাখার নীতিগত অবস্থান নিয়েছে। তাঁর দাবি, কৃষকের স্বার্থ রক্ষা ও উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করাই বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।
তিনি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঐতিহ্যগতভাবে বাংলা সনের সূচনা কৃষি উৎপাদন ও খাজনা ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত ছিল। সেই ঐতিহাসিক ধারাবাহিকতাকে সামনে রেখেই এবারের পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা করা হয়েছে।
টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে অর্থনৈতিক পুনর্গঠন ও স্বনির্ভরতা অর্জনকে বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে সারাদেশে শান্তিপূর্ণভাবে নববর্ষ উদযাপনকে ইতিবাচক পরিস্থিতির প্রতিফলন হিসেবে বর্ণনা করেন মন্ত্রী। তাঁর ভাষায়, এই উৎসবমুখর পরিবেশ বজায় থাকলে দেশের সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আরও দৃঢ় হবে।
অনুষ্ঠান শেষে ডিআরইউ আয়োজিত ঐতিহ্যবাহী পুতুল নাচের উদ্বোধন করেন তিনি। পরে আনন্দ র্যালি ও আলোচনা সভা শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের নেতারা।
এর আগে তিনি র্যালিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের অগ্রগতিতে সবার সহযোগিতা কামনা করেন।





































