কৃষক কার্ডে আরও যেসব সুবিধা যুক্ত হবে

- সর্বশেষ আপডেট ০৩:৪৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / 113
কৃষক কার্ডের আওতায় শুধু বিদ্যমান সুবিধাই নয়, ভবিষ্যতে সময়োপযোগী আরও নতুন সেবা যুক্ত করা হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই উদ্যোগ কৃষকের মর্যাদা বাড়ানোর পাশাপাশি কৃষিকে আরও সংগঠিত কাঠামোর মধ্যে আনবে।
রোববার (১২ এপ্রিল) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সেখানে কৃষিখাতকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
মন্ত্রী জানান, কৃষক কার্ডের মাধ্যমে দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজে যুক্ত করা হচ্ছে। এতে নীতিনির্ধারণ ও সেবা বিতরণ আরও সহজ হবে বলে তিনি মনে করেন। তার ভাষায়, এই উদ্যোগ কৃষিকে শুধু উৎপাদনমুখী নয়, বরং লাভজনক ও মর্যাদাপূর্ণ পেশায় পরিণত করার একটি প্রচেষ্টা।
তিনি আরও বলেন, কৃষকদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করতে সরকার শুরু থেকেই কাজ করছে। কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষকের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই কার্ডের মাধ্যমে কৃষকরা বিভিন্ন প্রণোদনা ও সেবা গ্রহণ করতে পারবেন। নির্ধারিত ডিলারদের মাধ্যমে সার, বীজ, মৎস্য ও প্রাণিখাদ্যসহ কৃষি উপকরণ সংগ্রহের সুযোগ থাকবে।
এছাড়া কার্ডধারীরা ন্যায্য মূল্যে কৃষি উপকরণ ও সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, স্বল্পমূল্যে কৃষিযন্ত্র ব্যবহার, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, মোবাইলের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্য, কৃষি প্রশিক্ষণ, ফসলের রোগবালাই সম্পর্কিত পরামর্শ, কৃষি বিমা এবং ন্যায্য দামে উৎপাদিত পণ্য বিক্রয়ের সুবিধাও পাবেন।
কৃষিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির ভিত্তি কৃষি খাতের ওপর দাঁড়িয়ে আছে। তাই কৃষকের সক্ষমতা বাড়ানো মানেই জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা।
সূত্র জানায়, এই কর্মসূচির মাধ্যমে কৃষি খাতে উৎপাদন পরিকল্পনা আরও সুসংগঠিত হবে এবং সারসহ বিভিন্ন উপকরণের অপচয়ও কমে আসবে।



































