কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক

- সর্বশেষ আপডেট ০৭:২৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- / 181
কুমিল্লায় রেল ক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে হতাহতদের ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের সুচিকিৎসা এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী দুর্ঘটনার দ্রুত এবং বিস্তারিত তদন্তের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যেই তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ দুটি, কুমিল্লা জেলা প্রশাসন একটি কমিটি তৈরি করেছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। দায়িত্বে অবহেলার জন্য ইতোমধ্যেই কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তদন্তের ভিত্তিতে আরও পদক্ষেপ নেওয়া হবে।
প্রধানমন্ত্রী দেশের অন্যান্য অঞ্চলে সড়ক দুর্ঘটনায় আহতদেরও সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। ফেনী, হবিগঞ্জ ও জামালপুরের সেতু দুর্ঘটনার ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, পবিত্র ঈদ উদযাপনের সময় এই ধরনের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। প্রতিটি জীবন মূল্যবান এবং প্রতিটি মৃত্যুই অপূরণীয় ক্ষতি।
প্রধানমন্ত্রী মহান আল্লাহর দরবারে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি আরও বলেন, জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কোনো শৈথিল্য বরদাস্ত করা হবে না। রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতু নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।


































