কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য তলব হাইকোর্টের
- সর্বশেষ আপডেট ০৩:৫৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / 27
দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে থাকা শিশুদের সংখ্যা, বয়স এবং তাদের সার্বিক অবস্থার বিস্তারিত তথ্য চেয়ে কারা কর্তৃপক্ষকে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
হাইকোর্ট দুই মাসের সময় দিয়ে কারা মহাপরিদর্শককে এ প্রতিবেদন দাখিল করতে বলেছেন। একই সঙ্গে শিশুদের কল্যাণ, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে—সে বিষয়ে ব্যাখ্যাও আদালতে জানাতে হবে।
সোমবার (১৫ জুন) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের বেঞ্চে রিটের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ আসে এবং রুল জারি করা হয়।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ফারুক হোসেন।
রুলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানতে চাওয়া হয়েছে—কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের সুরক্ষা ও জীবনমান নিশ্চিত করতে কেন প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে না।
স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, সমাজকল্যাণ সচিব এবং আইজি প্রিজন্সকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
‘কারাগারে বিপন্ন শৈশব’ শীর্ষক একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে ৯ জুন এ রিট করা হয়।






























