এলপিজি নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের নির্দেশ
- সর্বশেষ আপডেট ০৩:১৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / 12
এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) নজরদারি বাড়ানো ও আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ডা. জাহেদ উর রহমান বলেন, এলপিজির দাম সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে। দেশের কোথাও কোথাও জ্বালানি পাওয়া যাচ্ছে না; এমন অভিযোগও পাওয়া যাচ্ছে। এ অবস্থায় খুচরা বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে এবং নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারি বাড়ানোর পাশাপাশি আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তিনি জানান, সেপ্টেম্বর মাসে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৯৮৪টি অভিযান পরিচালনা করেছে। আশা করা হচ্ছে, এসব পদক্ষেপের ফলে এলপিজি নিয়ে চলমান সংকট কমে আসবে।
রেল যোগাযোগের বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, রেল যোগাযোগকে সরকার গুরুত্ব দিচ্ছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৩০টি লোকোমোটিভ কেনার জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র ও জনগণের স্বার্থ বিবেচনা করেই সরকার সিদ্ধান্ত নেবে। কোনো কোনো সিদ্ধান্ত ব্যক্তি, সংগঠন বা কোনো গোষ্ঠীর স্বার্থের বিপক্ষে যেতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে তাদের আশ্বস্ত করা হবে। জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।
ভিজিএফ কার্ডের আওতা বাড়ানো হচ্ছে জানিয়ে ডা. জাহেদ বলেন, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়ছে। তাদের কিছুটা স্বস্তি দিতে ভিজিএফ কার্ডের আওতা সম্প্রসারণের পাশাপাশি সহায়তার পরিমাণও বাড়ানো হচ্ছে। কার্ডধারীদের ২০ কেজি করে চাল দেওয়া হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। হামলায় জড়িতদের প্রাথমিকভাবে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ফৌজদারি অপরাধের ক্ষেত্রে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, এ পরিকল্পনা বাস্তবায়নে সরকার অত্যন্ত আগ্রহী। তবে এর অর্থায়ন বাংলাদেশ, চীন নাকি অন্য কোনো দেশ করবে, সেটি আলাদা আলোচনার বিষয়।
ব্যাটারিচালিত অটোরিকশার বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, এসব যানবাহনের কিছু সুবিধা রয়েছে। তবে এগুলোকে কোনোভাবেই নিয়ন্ত্রণহীনভাবে চলতে দেওয়া যায় না। এ বিষয়ে সরকার নীতিমালা প্রণয়ন করছে।































