ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

- সর্বশেষ আপডেট ১১:২৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / 120
পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রনোমি হাব (এসএসএএইচ)। শারজাহ বিশ্ববিদ্যালয়ের অধীন এ সংস্থার জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালে ঈদুল আজহা ২৭ মে অনুষ্ঠিত হতে পারে।
শুক্রবার (২৪ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গলফ নিউজের।
এসএসএএইচের পরিচালক প্রফেসর হামিদ এম. কে. আল নাঈমি জানান, কেন্দ্রটি তাদের এই বৈজ্ঞানিক তথ্য ইতোমধ্যেই আমিরাতের ফতোয়া কাউন্সিলের কাছে জমা দিয়েছে। চাঁদ দেখার প্রক্রিয়া সহজ করতে এবং বৈজ্ঞানিক তথ্য ও ইসলামী শরিয়ার সমন্বয়ে ধর্মীয় সিদ্ধান্ত নিতে এমনটি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ মে জিলহজ মাসের প্রথম দিন হতে পারে। সেক্ষেত্রে আরাফার দিন তথা ৯ জিলহজ হবে ২৬ মে।
কেন্দ্রটির হিসাব অনুযায়ী, ১৭ মে রাত ১২টা ১৭ মিনিটে চাঁদের সংযোগ ঘটবে। ফলে এ দিন ১৪৪৭ হিজরির জিলকদ মাসের ২৯ তারিখ হবে। ওইদিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট। এছাড়া সূর্যাস্তের পর প্রায় ৫৭ মিনিট দিগন্তের ওপরে দৃশ্যমান থাকবে। কেন্দ্রটির মতে, অনুকূল আবহাওয়ায় খালি চোখে চাঁদ দেখার জন্য এই সময়সীমা যথেষ্ট।































