ইফতারের পর ক্লান্তি এড়াতে যা করবেন

- সর্বশেষ আপডেট ০৪:০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / 204
সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় অতিরিক্ত খাওয়া ও পানিশূন্যতার কারণে অনেকেই তীব্র ক্লান্তি অনুভব করেন। তবে কিছু সহজ অভ্যাস মেনে চললে ইফতারের পরের অবসাদ সহজেই কমানো সম্ভব।
দিনভর না খেয়ে থাকার পর হঠাৎ করে ভারী ও তেল-চর্বিযুক্ত খাবার বেশি পরিমাণে খেলে শরীরের ওপর চাপ পড়ে। একসঙ্গে বেশি খাবার হজম করতে গিয়ে শক্তি ক্ষয় হয়, ফলে ইফতারের পর ঝিমুনি ও ক্লান্তি দেখা দেয়। তাই শুরুতেই হালকা খাবার দিয়ে ইফতার করে কিছুটা বিরতি নেওয়া ভালো।
পানিশূন্যতা কাটান
রোজায় দীর্ঘ সময় পানি না পান করার কারণে শরীরে পানিশূন্যতা তৈরি হয়। ইফতারের পর পর্যাপ্ত পানি পান করুন। পাশাপাশি ফল, ফলের রস, লেবুর শরবত বা ডাবের পানি খেলে দ্রুত শরীরে তরল ঘাটতি পূরণ হবে।
অল্প অল্প করে খান
একবারে বেশি না খেয়ে ধীরে ধীরে খাবার গ্রহণ করুন। খেজুর ও পানি দিয়ে ইফতার শুরু করে কিছু সময় বিরতি নিয়ে মূল খাবার খেলে হজম প্রক্রিয়া সহজ হয় এবং ক্লান্তি কম লাগে।
মাগরিবের নামাজ আদায় করুন
খেজুর ও পানি খেয়ে আগে মাগরিবের নামাজ আদায় করলে শরীর খাবার গ্রহণের জন্য প্রস্তুত হওয়ার সময় পায়। এরপর বাকি খাবার খেলে অস্বস্তি কম হয়।
হালকা চা বা কফি
ইফতারের কিছু সময় পর এক কাপ হালকা চা বা কফি পান করলে ক্যাফেইন শরীরকে কিছুটা চাঙ্গা রাখতে সাহায্য করতে পারে। তবে অতিরিক্ত কড়া পানীয় এড়িয়ে চলাই ভালো।
হাঁটাহাঁটি করুন
ইফতারের পর সঙ্গে সঙ্গে শুয়ে না পড়ে ১০–১৫ মিনিট হালকা হাঁটাহাঁটি করলে হজম ভালো হয় এবং ক্লান্তি কমে। শরীর সচল রাখলে অবসাদও দ্রুত কেটে যায়।
সচেতন খাদ্যাভ্যাস ও সামান্য নিয়ম মেনে চললেই ইফতারের পরের অস্বস্তি ও ক্লান্তি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।




































