আসামে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত
- সর্বশেষ আপডেট ১১:০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- / 115
ভারতের আসাম রাজ্যের কার্বি আংলং জেলায় বৃহস্পতিবার রাতে একটি সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বিমানবাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন। ভারতীয় বিমানবাহিনী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, নিহত দুই পাইলট হলেন- স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পুরভেশ দুরাগকর।
বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সুখোই সু–৩০ বিধ্বস্ত হওয়ার ঘটনায় স্কোয়াড্রন লিডার অনুজ ও ফ্লাইট লেফটেন্যান্ট পুরভেশ দুরাগকর মারাত্মক আহত হয়ে প্রাণ হারিয়েছেন। ভারতীয় বিমানবাহিনীর সব সদস্য নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং এই শোকের মুহূর্তে শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
বিমানবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ‘ভারতীয় বিমানবাহিনীর সব সদস্য আন্তরিক সমবেদনা জানাচ্ছেন এবং এই শোকের সময়ে আমরা শোকসন্তপ্ত পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি।’
সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার আগে প্রশিক্ষণ মিশনে ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরই নিখোঁজ হয়ে যায়। বিমানটি জোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল, যা দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে।
































