আয়কর রিটার্ন জমার সময় আরো এক মাস বাড়ল

- সর্বশেষ আপডেট ০৪:০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 142
আয়কর রিটার্ন দাখিলের সময় আবারও বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নির্ধারিত ২৮ ফেব্রুয়ারির পরিবর্তে এখন ২০২৫–২৬ করবর্ষের রিটার্ন জমা দেওয়া যাবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।
এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন–১) মো. একরামুল হকের সই করা আদেশে জানানো হয়, আয়কর আইন, ২০২৩–এর ধারা ৩৩৪–এ প্রদত্ত ক্ষমতাবলে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবারভুক্ত করদাতাদের জন্য এই সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে।
সূত্র বলছে, রোজা, জাতীয় নির্বাচন এবং অনলাইন রিটার্ন ব্যবস্থায় অনেক করদাতার অনভ্যস্ততা বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে ২৮ ফেব্রুয়ারি ছিল শেষ সময়সীমা। এখন অতিরিক্ত এক মাস সময় মিলছে।
এর আগে একই করবর্ষে তিন দফায় সময় বাড়ানো হয়েছিল। সব মিলিয়ে এটি চতুর্থবারের মতো সময়সীমা বৃদ্ধি। প্রথমে ৩০ নভেম্বর ছিল নির্ধারিত শেষ দিন। পরে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর, এরপর ৩১ জানুয়ারি এবং সর্বশেষ ২৮ ফেব্রুয়ারি করা হয়।
সময় বাড়ানোর দাবিতে বিভিন্ন সংগঠনও আবেদন জানিয়েছিল। বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন দুই মাস সময় বৃদ্ধির অনুরোধ করে। অন্যদিকে চট্টগ্রাম কর আইনজীবী সমিতি এক মাস সময় বাড়ানোর আবেদন জানায়। সময় বাড়ানোর পক্ষে ১৩টি কারণও তুলে ধরা হয়।
এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে নিবন্ধিত করদাতা রয়েছেন প্রায় ১ কোটি ২৩ লাখ। গত ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে রিটার্ন জমা পড়েছে প্রায় ৩৯ লাখ। অর্থাৎ এখনো উল্লেখযোগ্য সংখ্যক করদাতা রিটার্ন দাখিল করেননি। তুলনায়, গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল প্রায় ৪৫ লাখ।



































