আফগান সীমান্ত উত্তেজনা প্রশমনে সৌদি–পাকিস্তান ফোনালাপ

- সর্বশেষ আপডেট ০৪:৫১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 139
আফগানিস্তানের সঙ্গে টানাপোড়েনের প্রেক্ষাপটে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে পাকিস্তান ও সৌদি আরব। চলমান উত্তেজনা কমাতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার-এর সঙ্গে কথা বলেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ।
এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আঞ্চলিক পরিস্থিতি এবং উত্তেজনা প্রশমনের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা হয়েছে। বিবৃতিটি মন্ত্রণালয়ের সরকারি এক্স অ্যাকাউন্টে প্রকাশ করা হয়।
এদিকে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব আফগানিস্তান ও পাকিস্তান—উভয় পক্ষকেই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
সীমান্তে ক্রমবর্ধমান সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় তিনি গভীর উদ্বেগ জানান এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী বাধ্যবাধকতা মেনে চলার ওপর জোর দেন।
অন্যদিকে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। শুক্রবার ভোরে এক্সে দেওয়া পোস্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, তেহরান প্রয়োজন হলে দুই দেশের মধ্যে সংলাপ এগিয়ে নিতে প্রস্তুত।



































