আন্তর্জাতিক ফুটবল ছাড়ছেন মেসি
- সর্বশেষ আপডেট ০৪:৩৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 116
২০২৬ বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তবে এখনই জাতীয় দলকে বিদায় দিচ্ছেন না তিনি।
নতুন প্রজন্মের খেলোয়াড়দের সঙ্গে দলের স্বাভাবিক রূপান্তর নিশ্চিত করতে আরও কয়েক মাস আর্জেন্টিনার হয়ে খেলবেন, এরপর আনুষ্ঠানিকভাবে শেষ হবে তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।
আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতে আর কোনো বিশ্বকাপে খেলার পরিকল্পনা নেই ৩৯ বছর বয়সী মেসির। তবে হঠাৎ করেই অবসর না নিয়ে ধাপে ধাপে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এদিকে মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তাকে সম্মান জানাতে একটি জাঁকজমকপূর্ণ বিদায়ী ম্যাচ আয়োজনের প্রস্তুতি চলছে।
২০২৬ বিশ্বকাপে বয়সকে উপেক্ষা করে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন মেসি। পুরো টুর্নামেন্টে আট গোল ও চার অ্যাসিস্ট করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হন তিনি। যদিও ফাইনালে স্পেনের কাছে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করেননি এই তারকা।
আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসির নেতৃত্বেই আর্জেন্টিনা জিতেছে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকার শিরোপা। সর্বশেষ ২০২৬ বিশ্বকাপেও তার নেতৃত্বে ফাইনালে উঠেছিল আলবিসেলেস্তেরা।



































