আগের দামে ফিরতে পারে এলপি গ্যাস

- সর্বশেষ আপডেট ০৮:৫৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 196
দেশের এলপিজি বাজারে সাম্প্রতিক মূল্যবৃদ্ধি ও সরবরাহ নিয়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার মধ্যেই ১২ কেজি সিলিন্ডারের দাম আগের নির্ধারিত পর্যায়ে ফিরে আসতে পারে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সরকার নির্ধারিত মূল্য এক হাজার ১,৩৫৬ টাকা কার্যকর রাখতেই উদ্যোগ জোরদার করা হচ্ছে বলে তিনি জানান।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এলপিজি আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ভোক্তারা যাতে নির্ধারিত দামে সিলিন্ডার পান, সে লক্ষ্যেই কাজ চলছে। খুচরা পর্যায়ে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ এসেছে—এ বিষয়টি সরকার গুরুত্বসহকারে দেখছে।
স্থানীয় প্রশাসনের মাধ্যমে নজরদারি বাড়ানো হবে, যাতে কেউ বাজার পরিস্থিতির সুযোগ নিতে না পারে।
গত কয়েক দিনে গণমাধ্যমে এলপিজি সরবরাহে ঘাটতির খবর প্রকাশিত হয়েছে। মন্ত্রী স্বীকার করেন, কিছু বাস্তব সমস্যা রয়েছে, যা ব্যবসায়ীরা বৈঠকে তুলে ধরেছেন। সেগুলো পর্যালোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।
তবে তিনি স্পষ্ট করেন, এই মুহূর্তে এলপিজির দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই।
দাম আগের অবস্থায় ফিরবে কি না—এ প্রশ্নে তিনি বলেন, সেটাই প্রত্যাশা। যদিও আমদানিকারকরা তথ্য-উপাত্তের ভিত্তিতে মূল্য পুনর্বিবেচনার কিছু যুক্তি উপস্থাপন করেছেন। সেগুলো যৌক্তিক হলে সরকার তা বিবেচনা করবে। “কেউ তো লোকসান দিয়ে ব্যবসা করবে না”—এ মন্তব্যও করেন তিনি।
বর্তমানে এলপিজি আমদানির লাইসেন্স রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের। এর মধ্যে প্রায় ১০টি কোম্পানি মোট আমদানির প্রায় ৭০ শতাংশ সম্পন্ন করে। ৫ আগস্ট পরবর্তী সময়ে কয়েকটি অপারেটর নিষ্ক্রিয় হয়ে পড়ায় বাজারে আংশিক শূন্যতা তৈরি হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।
বেশিরভাগ আমদানিকারক স্পট মার্কেট থেকে ক্রয় করেন; ফলে আন্তর্জাতিক দামের ওঠানামা সরাসরি প্রভাব ফেলে। পাশাপাশি ব্যাংকের ‘সিঙ্গেল এক্সপোজার লিমিট’ অনেক প্রতিষ্ঠানের জন্য সীমাবদ্ধতা তৈরি করছে বলেও তিনি জানান।
বিপিসি নিজে আমদানি বাড়াতে চাইলে বেসরকারি খাতের কিছু প্রতিষ্ঠান তাদের সংরক্ষণ সুবিধা ব্যবহারের প্রস্তাব দিয়েছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই বাজার স্থিতিশীল রাখা সম্ভব।




































