২১ নারীসহ জামায়াতের ৮৮ সদস্যের নতুন কর্মপরিষদ ঘোষণা
- সর্বশেষ আপডেট ০৯:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / 224
বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬–২০২৮ মেয়াদের জন্য ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদের তালিকা প্রকাশ করেছে। নতুন কমিটিতে ৬৭ জন পুরুষের পাশাপাশি ২১ জন নারী স্থান পেয়েছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দলের আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল অধিবেশনে এ কর্মপরিষদ গঠন করা হয়।
ঘোষিত তালিকায় নায়েবে আমীর হিসেবে রয়েছেন এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি ও ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি। সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সহকারী সেক্রেটারি পদে আছেন মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এছাড়া নির্বাহী পরিষদ ও অন্যান্য সদস্যদের মধ্যে সাবেক ও বর্তমান এমপি, অধ্যাপক, আইনজীবী ও সংগঠনের জ্যেষ্ঠ নেতারা অন্তর্ভুক্ত হয়েছেন। বিভিন্ন জেলা ও পেশাগত ক্ষেত্র থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নারী সদস্যদের মধ্যে রয়েছেন মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, পলিটিক্যাল অ্যাফেয়ার্স সেক্রেটারি ডা. হাবিবা আখতার চৌধুরী সুইট এবং আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন্নাহার মুন্নীসহ আরও ১৮ জন নেত্রী।
দলটির পক্ষ থেকে জানানো হয়, নতুন কর্মপরিষদ আগামী দুই বছরে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে।































