হজ এজেন্সিগুলোকে জরুরি নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের
- সর্বশেষ আপডেট ১১:৫৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / 38
২০২৭ সালের হজে অংশগ্রহণকারী অনুমোদিত হজ এজেন্সিগুলোকে ‘হজ মিশন ভিসা’ ইস্যুর জন্য প্রয়োজনীয় তথ্য ও ব্যাংকে অর্থ জমার মূল রসিদ আগামীকাল রোববার (১১ অক্টোবর) এর মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
শুক্রবার (৯ অক্টোবর) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ সালের হজ কার্যক্রমে নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ১০০ বা তার বেশি; এমন ২৬০টি এজেন্সিকে একটি করে মিশন ভিসা দেওয়া হবে। এ ছাড়া নিবন্ধিত হজযাত্রী ১০০ জনের কম হলেও আটটি লিড এজেন্সি ও দুটি মোনাজ্জেম এজেন্সিকে একটি করে ভিসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সব মিলিয়ে ২৭০টি হজ মিশন ভিসা ইস্যু করা হবে।
নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত ছকে এজেন্সির নাম, লিড নম্বর, নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা, এজেন্সির মালিক, মোনাজ্জেম বা প্রতিনিধির নাম, পদবি, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। এসব তথ্য আগামীকাল রোববারের মধ্যে নির্ধারিত ০১৯২১-৪৬৭৭১৮ নম্বরে হোয়াটসঅ্যাপে সফটকপি হিসেবে পাঠাতে হবে। পাশাপাশি এজেন্সির নিজস্ব প্যাডে স্বাক্ষরিত হার্ডকপিও জমা দিতে হবে।
মিশন ভিসা পেতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় নির্ধারিত ভিসা ফি, ইন্স্যুরেন্স ফি, ইলেকট্রনিক সার্ভিস ফি, জমজম পানির ফি, লাগেজ পরিবহন ফি, তাঁবু ও মাশায়ের সার্ভিস ফিসহ অন্যান্য প্রযোজ্য ফি জমা দিতে হবে।
এসব অর্থ ধর্ম মন্ত্রণালয়ের অধীন সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার ‘Sale Proceeds of Haj Deposit’ শীর্ষক ০০২-০০০২৬৩০০০০৯০৮ নম্বর হিসাবে জমা দিতে হবে। ব্যাংকে অর্থ জমার মূল রসিদ ঢাকার আশকোনায় অবস্থিত হজ অফিসে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মিশন ভিসাপ্রাপ্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট এজেন্সিকে বিমানভাড়াসহ যাতায়াত খরচ এবং সৌদি আরবে থাকা-খাওয়ার যাবতীয় ব্যয় নিজ দায়িত্বে বহন করতে হবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনার অনুলিপি হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি ও মহাসচিব, আশকোনা হজ অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

































