স্থানীয় নির্বাচন শুরু হবে বছরের শেষ দিকে: তথ্য উপদেষ্টা
- সর্বশেষ আপডেট ০৫:০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / 10
চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। পুরো প্রক্রিয়া শেষ হতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগবে বলেও তিনি ইঙ্গিত দেন।
মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন ও প্রশাসনিক অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, উপজেলা পরিষদ বাতিলের কোনো পরিকল্পনা সরকারের নেই—এ ধরনের আলোচনা বাস্তব ভিত্তিহীন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর আটক কিছু সাংবাদিকের প্রসঙ্গ টেনে বলেন, কিছু ক্ষেত্রে তাদের বিরুদ্ধে অভিযোগ গুরুতর, এমনকি তা গণহত্যার অভিযোগের চেয়েও বেশি বলে দাবি করা হয়। তবে বর্তমান সরকারের অবস্থান হলো, অন্যায়ভাবে কেউ যেন কারাগারে না থাকে—সে বিষয়ে নজর রাখা হচ্ছে।
দেশের নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে জঙ্গিবাদের অস্তিত্ব পুরোপুরি অস্বীকার করা যাবে না, বিষয়টি এখনো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
হাম প্রতিরোধ কার্যক্রম নিয়ে তিনি জানান, প্রায় ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার প্রায় ৮৯ শতাংশ। খুব শিগগিরই শতভাগ শিশু টিকার আওতায় আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে হামে আক্রান্ত হয়ে প্রায় ৩০০ শিশুর মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের সংকট এড়াতে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন।
টিকা কর্মসূচি নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, শিশু মৃত্যুর ঘটনা কেউই চায় না, বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে।
































