রায়পুরায় অনুমোদনহীন সার জব্দ, জরিমানা
- সর্বশেষ আপডেট ০৬:১৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / 104
নরসিংদীর রায়পুরা উপজেলায় উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন সার বিক্রয়ের দায়ে ছয় দোকান মালিককে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ৭০ বস্তা সার জব্দ করা হয়েছে। জব্দকৃত সার তাৎক্ষণিকভাবে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার জঙ্গি শিবপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা।
অভিযান প্রসঙ্গে ইউএনও মাসুদ রানা জানান, অনেক খুচরা ব্যবসায়ী অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন সার বিক্রি করছে; এমন অভিযোগের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে ছয়টি মামলায় মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ৭০ বস্তা সার তাৎক্ষণিকভাবে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের সরকারি অনুমোদন ছাড়া সার ও কীটনাশক বিক্রি না করার জন্য সতর্ক করা হয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা কৃষি কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাকিম বিল্লাহ মুনিম ও মো: সোহেল রানা। এছাড়া রায়পুরা থানা পুলিশ, সাংবাদিক ও আনসার বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কৃষকদের স্বার্থ রক্ষার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




































