দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান শিক্ষামন্ত্রীর

- সর্বশেষ আপডেট ০৭:৪০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / 109
শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এ মন্ত্রণালয়ে কেউ অনিয়মে জড়ালে ২৪ ঘণ্টাও দায়িত্বে থাকতে পারবে না। একই সঙ্গে চলমান প্রশাসনিক ব্যবস্থা আরও কঠোর করা হচ্ছে বলেও ইঙ্গিত দেন তিনি।
এসএসসি ও সমমানের পরীক্ষা সামনে রেখে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বক্তব্যের এক পর্যায়ে দৃঢ় কণ্ঠে বলেন, মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতির সুযোগ দেওয়া হবে না।
তার ভাষায়, এরই মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এবং আজও একজন কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আসন্ন এসএসসি পরীক্ষার সময়সূচি নিয়েও কথা বলেন তিনি। শিক্ষা মন্ত্রণালয় আগামী দিনে পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার বিষয়ে প্রাথমিক পরিকল্পনা করছে বলে জানান মন্ত্রী, যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী। দেশের হাজারের বেশি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন সরকারের অধীনে এটি প্রথম বড় পাবলিক পরীক্ষা হওয়ায় বিষয়টি নিয়ে প্রশাসনিক প্রস্তুতিও জোরদার করা হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





































