সংসদে বিশেষ কমিটির প্রতিবেদন প্রকাশ
গণভোটসহ ১৬টি অধ্যাদেশ বাতিলের সুপারিশ
- সর্বশেষ আপডেট ০৭:৩৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / 352
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১৬টি নির্ধারিত সময়ের মধ্যে সংসদে উত্থাপিত হয়নি। সংবিধানের নিয়ম অনুযায়ী, এসব অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাচ্ছে। তবে বিশেষ কমিটি জানিয়ে দিয়েছে, এসবকে পরবর্তী সময়ে আরও যাচাই-বাছাই করে শক্তিশালী নতুন বিল আকারে সংসদে আনা হবে।
বৃহস্পতিবার স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে প্রতিবেদন উত্থাপন করেন বিশেষ কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন। ১৩ সদস্যের কমিটি তিনটি বৈঠকের মাধ্যমে ১৩৩টি অধ্যাদেশ পরীক্ষা করে এই চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে দেখা যায়, ৯৮টি অধ্যাদেশ উত্থাপিত আকারেই পাসের সুপারিশ করা হয়েছে। ১৫টি অধ্যাদেশ সংশোধনের পর বিল আকারে উত্থাপনের পরামর্শ এসেছে।
চারটি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে। বাকি ১৬টি অধ্যাদেশ পরবর্তী যাচাই-বাছাইয়ের মাধ্যমে নতুন ও শক্তিশালী বিল হিসেবে আনার পরামর্শ দেওয়া হয়েছে।
বাতিল হওয়ার তালিকায় রয়েছে গণভোট, জাতীয় মানবাধিকার কমিশন, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা, গুম প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন, মূল্য সংযোজন কর, কাস্টমস, আয়কর, বেসামরিক বিমান চলাচল, ট্রাভেল এজেন্সি, মাইক্রো ফাইনান্স ব্যাংক এবং তথ্য অধিকার সংশ্লিষ্ট অধ্যাদেশ। এগুলো আগামী ১২ এপ্রিলের মধ্যে তামাদি হয়ে যাবে।
কমিটিতে থাকা জামায়াতে ইসলামীর তিন সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম খান ও গাজী নজরুল ইসলাম ১২টি অধ্যাদেশে ভিন্নমত বা নোট অব ডিসেন্ট জানিয়েছেন। মোট ১৫টি বিলের ওপর বিরোধী দলের আপত্তি রয়েছে।
এছাড়া চারটি অধ্যাদেশকে এখনই বিল আকারে সংসদে আনার সুপারিশ হয়েছে। এগুলো হলো জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান), সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিবালয় এবং সংশোধিত সচিবালয় অধ্যাদেশ।
১৫টি অধ্যাদেশ সংশোধিত আকারে পাসের জন্য সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নারী ও শিশু নির্যাতন দমন, পাবলিক প্রকিউরমেন্ট, ব্যাংক রেজুলেশন, সন্ত্রাস বিরোধী আইন, পুলিশ কমিশন, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী কল্যাণ সংশোধন অধ্যাদেশ।




































