১৮ দেশে কর্মী পাঠানোর চুক্তি

- সর্বশেষ আপডেট ০৭:৫২:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / 184
প্রবাসী কর্মসংস্থান সম্প্রসারণে বাংলাদেশ এখন ১৮টি দেশের সঙ্গে সমঝোতা স্মারক ও চুক্তির আওতায় কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।
তিনি জানান, নতুন শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়াসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে কূটনৈতিক আলোচনা চলছে।
সোমবার (২০ এপ্রিল) সংসদে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য তুলে ধরেন।
প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের পর মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার। দেশটির সঙ্গে শ্রমবাজার পুনরায় সক্রিয় করতে উচ্চপর্যায়ের আলোচনা হয়েছে এবং ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত মিলেছে।
একই সঙ্গে ওমান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো দেশে কর্মী পাঠানোর সুযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে।
তিনি আরও জানান, দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার এক লাখ ড্রাইভার প্রশিক্ষণের একটি প্রকল্প বাস্তবায়ন করছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ভিসার মেয়াদ শেষ হওয়া কর্মীদের বিষয়েও কূটনৈতিকভাবে সমাধান আনা হচ্ছে।
জাপান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে এক লাখ কর্মী পাঠানোর লক্ষ্য নিয়ে ভাষা প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। এ জন্য আলাদা ‘জাপান সেল’ও গঠন করা হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মোট ১১ লাখ ৩২ হাজার ৫১৯ জন বাংলাদেশি কর্মী বিদেশে কর্মসংস্থান পেয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী কর্মীও রয়েছেন।































