পদ্মায় ২ কাতলের দাম ৮৮১৫০ টাকা
- সর্বশেষ আপডেট ০১:৫০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / 21
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ধরা পড়া দুটি বিশাল আকারের কাতল মাছ ৮৮ হাজার ১৫০ টাকায় বিক্রি হয়েছে। বড় আকারের এই মাছ দুটি দেখতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় উৎসুক জনতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
জানা যায়, শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে পদ্মা–যমুনার মোহনায় মাছ ধরতে যান স্থানীয় জেলে জীবন হালদার এবং মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার গফুর প্রামাণিক। তারা পৃথকভাবে জাল ফেলেন। দীর্ঘ সময় অপেক্ষার পর ভোরের দিকে তাদের জালে দুটি বড় কাতল মাছ ধরা পড়ে। এর মধ্যে জীবন হালদারের জালে ওঠে ১৯ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কাতল এবং গফুর প্রামাণিকের জালে ধরা পড়ে ২৫ কেজি ওজনের আরেকটি কাতল।
উন্মুক্ত নিলামের মাধ্যমে ১৯ কেজি ৫০০ গ্রাম ওজনের মাছটি বিক্রি করা হয়। নিলামে অংশ নিয়ে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে মাছটি ৩১ হাজার ২০০ টাকায় ক্রয় করেন। অপরদিকে, ২৫ কেজি ওজনের কাতল মাছটি তিনি সরাসরি জেলের কাছ থেকে প্রতি কেজি ২ হাজার ১০০ টাকা দরে মোট ৫২ হাজার ৫০০ টাকায় কিনে নেন। ফলে মাছ দুটি কিনতে তার মোট ব্যয় হয় ৮৩ হাজার ৭০০ টাকা।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, ইলিশ আহরণে মৌসুমি নিষেধাজ্ঞা চলায় নদীতে অন্যান্য প্রজাতির মাছ বাড়ার সুযোগ পাচ্ছে। ফলে কাতল, রুই, বোয়াল ও বাগাড়সহ বড় মাছ বেশি ধরা পড়ছে, যা মৎস্যসম্পদের জন্য ইতিবাচক লক্ষণ।


































