মুক্তি পেয়েছে বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’
- সর্বশেষ আপডেট ০৭:৩৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / 157
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে প্রকাশিত হয়েছে অফিসিয়াল গান ‘দাই দাই’। শাকিরা ও নাইজেরিয়ান শিল্পী বার্না বয়-এর এই গানটি বিশ্বজুড়ে ফুটবল ও সংস্কৃতির একতাকে তুলে ধরার চেষ্টা করছে বলে জানিয়েছে ফিফা।
ফিফা শুক্রবার এক বিবৃতিতে জানায়, শাকিরা ও নাইজেরিয়ান গায়ক-গীতিকার বার্না বয় যৌথভাবে ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ প্রকাশ করেছেন।
সংগঠনটির জানিয়েছে, গানটি দুই শিল্পীর বৈশ্বিক সাউন্ড ও শক্তিকে একত্র করে ফুটবল, সংস্কৃতি এবং ঐক্যের উদযাপন হিসেবে তৈরি করা হয়েছে।
‘দাই দাই’ মূলত একটি ইতালীয় অভিব্যক্তি, যার অর্থ “চলো” বা “এগিয়ে যাও”—যা সাধারণত উৎসাহ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। গানটির বহুভাষিক কোরাসে “Dai dai, Ikó, dale, allez, let’s go!”—এই অংশটি বিশ্বকাপের বৈশ্বিক আবহকে তুলে ধরেছে বলে জানানো হয়েছে।
গানটিতে ফুটবলের ইতিহাসের বহু কিংবদন্তির নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছেন পেলে, ম্যারাডোনা, মালদিনি, রোমারিও, ক্রিশ্চিয়ানো রোনালদো, বেকহ্যাম, কাকা, এমবাপ্পে, আন্দ্রেস ইনিয়েস্তা, মেসি ও সালাহ। পাশাপাশি “এল পিবে” নামে পরিচিত কলম্বিয়ান তারকা কার্লোস ভালদেরামার নামও এসেছে।
চলতি মে মাসের শুরুতে শাকিরা সামাজিক মাধ্যমে একটি এক মিনিটের টিজার প্রকাশ করে গানটির ইঙ্গিত দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, “মারাকানা স্টেডিয়াম থেকে—এটি ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’।”
ফিফা জানিয়েছে, গানটি বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে এবং এর রয়্যালটি ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ শিক্ষা সহায়তায় ব্যয় করা হবে।
এর আগে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের জন্য শাকিরা গেয়েছিলেন বহুল জনপ্রিয় গান ওয়াকা ওয়াকা (“Waka Waka (This Time for Africa)”), যা ছিল তার প্রথম অফিসিয়াল বিশ্বকাপ গান।
এদিকে ফিফা জানিয়েছে, ১৯ জুলাই নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে থাকছে তারকাখচিত হাফটাইম শো, যেখানে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা এবং কে-পপ ব্যান্ড বিটিএস (BTS)।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজিত ২০২৬ বিশ্বকাপ শুরু হবে ১১ জুন এবং চলবে ১৯ জুলাই পর্যন্ত।




































