মার্কিন কর্মকর্তার ইনস্টাগ্রাম হ্যাক করে ইরানের পক্ষে প্রচারণা
- সর্বশেষ আপডেট ০৬:৩৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / 15
মার্কিন স্পেস ফোর্সের শীর্ষ তালিকাভুক্ত কর্মকর্তা চিফ মাস্টার সার্জেন্ট জন বেন্টিভেনিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করে ইরানপন্থি ও যুক্তরাষ্ট্রবিরোধী প্রচারণা চালিয়েছে অজ্ঞাত হ্যাকাররা। ঘটনাটি যুক্তরাষ্ট্র-ইরান চলমান সাইবার ও তথ্যযুদ্ধের নতুন উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার জন বেন্টিভেনিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুপ্রবেশ করে হ্যাকাররা একাধিক ভিডিও ও বার্তা প্রকাশ করে। এসব পোস্টে ইরানের পক্ষে অবস্থান তুলে ধরা হয় এবং যুক্তরাষ্ট্রবিরোধী বক্তব্য ছড়িয়ে দেওয়া হয়।
একটি ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিয়েতনাম যুদ্ধের পরিচিত প্রচারক ‘হ্যানয় হান্না’র কণ্ঠস্বর অনুকরণ করা হয়। সেখানে মার্কিন সেনাদের উদ্দেশে বলা হয়, “ডুবন্ত জাহাজ ছেড়ে চলে যাও।” ভিডিওতে ইরানের সাবেক নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানির ছবিও ব্যবহার করা হয়।
ঘটনার পর জন বেন্টিভেনিয়া ফেসবুকে সতর্কবার্তা দিয়ে সহকর্মীদের তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পাঠানো কোনো লিংকে ক্লিক না করার এবং সেখানকার ভিডিও না দেখার আহ্বান জানান। তিনি বলেন, অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে সংশ্লিষ্ট টিম কাজ করছে।
মার্কিন স্পেস ফোর্স হ্যাকিংয়ের ঘটনা নিশ্চিত করলেও কতক্ষণ অ্যাকাউন্টটি হ্যাকারদের নিয়ন্ত্রণে ছিল বা কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে কোনো মন্তব্য করেনি।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাইবার ও তথ্যযুদ্ধ আরও তীব্র হয়েছে। এর আগে মার্কিন সামরিক সদস্য ও তাদের পরিবারের কাছেও সন্দেহভাজন ইরানি হ্যাকারদের পক্ষ থেকে হুমকিমূলক বার্তা পাঠানোর অভিযোগ ওঠে।





































