রামিসা হত্যা: ধর্ষণ স্বীকার, হত্যার দায় ‘ডলারের’ ওপর
- সর্বশেষ আপডেট ০৩:১৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / 14
পল্লবীতে ৭ বছর বয়সী রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে হাজির হয়ে নিজের স্ত্রীকে নির্দোষ দাবি করেছেন। একই সঙ্গে ‘ডলার’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলেছেন।
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে নতুন দাবি তুলে আলোচনার জন্ম দিয়েছেন।
সোমবার (১ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে চার্জ গঠনের শুনানিতে হাজির করার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় সোহেল রানা দাবি করেন, তার স্ত্রী স্বপ্না আক্তার নির্দোষ। তিনি বলেন, “আমি ধর্ষণ করছি, মারছে ডলার। ডলার দুই লাখ টাকা দিছে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘ডলার’ মিরপুর-১১ এলাকার একজন প্রভাবশালী ও অর্থশালী ব্যক্তি। তার দাবি, রামিসাকে হত্যা করেছে ডলার এবং প্রকৃত আসামি হিসেবে তাকেই গ্রেপ্তার করা উচিত।
তবে মামলার তদন্ত কিংবা আদালতে দাখিল করা অভিযোগপত্রে এমন কোনো তথ্য রয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জানান, মামলার সাক্ষ্যগ্রহণ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আদালত সব তথ্য-প্রমাণ পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেবে।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ মে সকালে স্কুলছাত্রী রামিসা আক্তার নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ উদ্ধার করেন। ঘটনার পর প্রধান আসামি সোহেল রানা পালিয়ে গেলেও পরে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিষয়ও উল্লেখ করা হয়েছে।
এ মামলায় চার্জ গঠন ও অভিযোগের সত্যতা বিষয়ে আদালতের পরবর্তী কার্যক্রমে সিদ্ধান্ত হবে।





















