রিকশা-অটোরিকশা আসছে নিবন্ধন ও লাইসেন্সের আওতায়
- সর্বশেষ আপডেট ০৯:৫৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / 9
রাজধানীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে রিকশা, ভ্যান ও অটোরিকশাকে নিবন্ধন, নম্বরপ্লেট ও লাইসেন্সের আওতায় আনার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
সোমবার (১ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে এ কথা বলেন ডিএসসিসি প্রশাসক।
তিনি জানান, রাজধানীতে শৃঙ্খলাপূর্ণ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে চালকদের পরিচয় নিশ্চিত করার লক্ষ্যে সিটি করপোরেশনের মাধ্যমে নিবন্ধন, নম্বরপ্লেট ও লাইসেন্স প্রদান করা হবে।
আবদুস সালাম বলেন, রিকশা, অটোরিকশা বা ভ্যান বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। তবে যানজট কমানো ও নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এসব যানবাহনকে নিয়মের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, যেভাবে হকারদের একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে আনার চেষ্টা চলছে, একইভাবে রিকশা, ভ্যান ও অটোরিকশাও নিবন্ধনের আওতায় আসবে। যে এলাকার চালক, তাকে মূলত সেই এলাকাতেই যানবাহন পরিচালনা করতে হবে।
ডিএসসিসি প্রশাসকের মতে, নিবন্ধন ও লাইসেন্স ব্যবস্থা চালু হলে যানজট কমবে, চালকদের পরিচয় নির্ধারণ সহজ হবে এবং সিটি করপোরেশনও কার্যকরভাবে তাদের ব্যবস্থাপনা করতে পারবে।
ব্যাটারিচালিত রিকশার বিষয়ে তিনি বলেন, ব্রেকিং ব্যবস্থাসহ নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। তাই নিরাপত্তা নিশ্চিত করে এসব যানবাহন পরিচালনার বিষয়ে চালকদের মতামতও নেওয়া হবে।





























