যে কারণে পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৩:০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / 9
সরকার গঠনের চার মাসের মাথায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদ ছাড়লেন দীপেন দেওয়ান। শারীরিক জটিলতার কারণে দায়িত্ব পালনে সমস্যার কথা উল্লেখ করে তিনি পদত্যাগপত্র জমা দেন, যা সোমবার গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমান তার পদত্যাগপত্র গ্রহণ করেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজ যথাযথভাবে পরিচালনায় সমস্যা তৈরি হচ্ছে। সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতার স্বার্থে বর্তমান পদ থেকে অব্যাহতি নেওয়াকে তিনি প্রয়োজনীয় বলে মনে করছেন।
বিএনপির মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসন থেকে নির্বাচিত হন দীপেন দেওয়ান। ২১৩টি কেন্দ্রে তিনি ২ লাখ ৫৯ হাজার ৯৮০ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পান ৩০ হাজার ৯৯২ ভোট। নির্বাচনের পর তাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
১৯৬৩ সালের ৮ জুন রাঙামাটির রাঙ্গাপানি এলাকায় জন্মগ্রহণ করেন দীপেন দেওয়ান। তার বাবা সুবিমল দেওয়ান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা ছিলেন।






















