জুনজুড়ে তাপপ্রবাহের আশঙ্কা, কমতে পারে বৃষ্টি
- সর্বশেষ আপডেট ০৩:৫৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / 26
জুন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত এবং একাধিক মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের জুন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। সাধারণত জুনের মাঝামাঝি বর্ষার সূচনা হলেও এবার বৃষ্টির পরিমাণ প্রত্যাশার চেয়ে কম থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফলে মাসজুড়ে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, জুনে বঙ্গোপসাগরে এক বা একাধিক লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে। একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে দুই থেকে তিনটি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
অন্যদিকে, বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, জুন থেকে আগস্টের মধ্যে ‘এল নিনো’ সক্রিয় হওয়ার সম্ভাবনা প্রায় ৮০ শতাংশ। উষ্ণমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার কারণে এই জলবায়ুগত পরিস্থিতি তৈরি হচ্ছে।
ডব্লিউএমওর মতে, এল নিনোর প্রভাবে বিশ্বব্যাপী তাপমাত্রা ও বৃষ্টিপাতের স্বাভাবিক ধারা পরিবর্তিত হতে পারে। দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে কম বৃষ্টিপাত, অতিরিক্ত তাপদাহ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়তে পারে। আঞ্চলিক জলবায়ু কেন্দ্রগুলোর বিশ্লেষণেও দক্ষিণ এশিয়ায় এ মৌসুমে গড়ের চেয়ে কম বৃষ্টিপাতের আভাস দেওয়া হয়েছে।





























