তাইওয়ানের জলসীমায় চীনের বিশেষ টহল
- সর্বশেষ আপডেট ০৪:৫১:২৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / 61
জাপান ও ফিলিপাইনের দক্ষিণ চীন সাগরসংলগ্ন বিতর্কিত এলাকায় সামুদ্রিক সীমানা নির্ধারণে যৌথ ঘোষণার পর প্রতিক্রিয়ায় তাইওয়ানের পূর্বাঞ্চলীয় কৌশলগত জলসীমায় বিশেষ টহল পরিচালনা করেছে চীনের কোস্ট গার্ড।
দক্ষিণ চীন সাগরসংলগ্ন বিতর্কিত অঞ্চলে সামুদ্রিক সীমানা নির্ধারণে জাপান ও ফিলিপাইনের যৌথ ঘোষণার জবাবে তাইওয়ানের পূর্ব দিকের কৌশলগত জলসীমায় বিশেষ সামরিক আইন প্রয়োগকারী টহল চালিয়েছে চায়না কোস্ট গার্ড (সিসিজি)। সোমবার (১ জুন) সকালে এ টহল পরিচালিত হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
চায়না কোস্ট গার্ডের মুখপাত্র জিয়াং লুয়ে এক বিবৃতিতে বলেন, জাপান ও ফিলিপাইনের একতরফা পদক্ষেপ চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থকে ক্ষতিগ্রস্ত করেছে। তাই নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ টহল ছিল প্রয়োজনীয় পদক্ষেপ।
তিনি বলেন, “আমরা জাপান ও ফিলিপাইনকে চীনের সার্বভৌমত্ব, ভৌগোলিক অধিকার ও আন্তর্জাতিক স্বার্থ ক্ষুণ্ন করে এমন সব অবৈধ কার্যক্রম অবিলম্বে বন্ধ করার জোর আহ্বান জানাচ্ছি।”
জিয়াং আরও জানান, সামুদ্রিক নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট জলসীমায় নিয়ন্ত্রণ বাড়ানো অব্যাহত থাকবে এবং চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব ও সামুদ্রিক স্বার্থ রক্ষায় ভবিষ্যতে আরও কঠোর ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে।
এদিকে, এশীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, টোকিও ও ম্যানিলার যৌথ উদ্যোগের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে বেইজিংয়ের এই টহল তাইওয়ান প্রণালি ও দক্ষিণ চীন সাগরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়িয়েছে।


































