সময় বের করতে দুই বোর্ডের আলোচনা
ভারত সিরিজ নিয়ে আশাবাদী তামিম
- সর্বশেষ আপডেট ০১:২০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / 11
বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্থগিত হয়ে যাওয়া ছয় ম্যাচের সীমিত ওভারের সিরিজ আয়োজন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তিনি জানিয়েছেন, সিরিজটি বাতিলের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। নতুন সূচি নির্ধারণে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিয়মিত আলোচনা করছে।
২০২৫ সালের আগস্টে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। পরে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতে সিরিজটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরের জন্য নির্ধারণ করা হয়। তবে বর্তমান ব্যস্ত সূচির কারণে নির্ধারিত সময়ে সিরিজ আয়োজন নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
রোববার (৩০ আগস্ট) ক্রীড়া প্ল্যাটফর্ম ‘নট আউট নোমান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেন, সিরিজটি আয়োজনের বিষয়ে দুই বোর্ডই আন্তরিক এবং সম্ভাব্য নতুন সময় নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ‘ভারত সিরিজ হবে না; এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। দুই বোর্ডই বিষয়টি নিয়ে খুব আন্তরিক। বিসিসিআই ও বিসিবি সম্ভাব্য সময়সূচি খুঁজছে। কখন সিরিজটি আয়োজন করা যায়, তা নিয়ে আলোচনা হচ্ছে।’
তামিম জানান, মূলত দুই দলের ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণেই নতুন সময় বের করা কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশের সামনে আরও তিনটি সিরিজ রয়েছে। একইভাবে ভারতীয় দলেরও ব্যস্ত সূচি রয়েছে।
তার ভাষায়, ‘কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে। বিসিবি সভাপতি হিসেবে আমি সেই সীমা অতিক্রম করতে চাই না। তবে দুই পক্ষের মনোভাব খুবই ইতিবাচক। আমরা নিয়মিত যোগাযোগ রাখছি।’
২০২৫ সালের আগস্টে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা সিরিজটি এক বছরের বেশি সময় পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরের জন্য নির্ধারণ করা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেপ্টেম্বরে সিরিজটি মাঠে গড়াবে কি না, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
রাজনৈতিক পরিস্থিতির কারণে সিরিজটি বাতিল হওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা রয়েছে। তবে দুই বোর্ডের ইতিবাচক অবস্থান এবং নিয়মিত যোগাযোগের কারণে সিরিজটি আয়োজনের আশা এখনো দেখছেন বিসিবি সভাপতি।
নতুন কোনো সময়সূচি চূড়ান্ত হলে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির দীর্ঘ প্রতীক্ষিত সিরিজটি আয়োজন করা সম্ভব হবে। তবে কবে নাগাদ নতুন সূচি চূড়ান্ত হতে পারে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।

































