বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের নতুন কমিটি গঠন
- সর্বশেষ আপডেট ০৪:১২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / 18
ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন ‘বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্স’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে রুপালী বাংলাদেশের ফ্রান্স প্রতিনিধি ও বাংলা টেলিগ্রামের সম্পাদক শাহ সুহেল আহমদকে সভাপতি এবং দৈনিক আমাদের সময়ের ফ্রান্স প্রতিনিধি আশিক আহমেদ উল্লাসকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে সংগঠনটির আত্মপ্রকাশ ও সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। ডিবিসি নিউজ ও চ্যানেল এস ইউকের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর নতুন কমিটির নাম ঘোষণা করেন।
১১ সদস্যের কমিটিতে সহসভাপতি হয়েছেন অবিরাম বাংলা ডটকমের উপসম্পাদক ও ক্রীড়া সাংবাদিক জান-ই-আলম। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ইকরা বাংলা টিভি ইউকের ফ্রান্স প্রতিনিধি আবু বাকার আল আমীনকে।
কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন এশিয়া পোস্টের ফ্রান্স প্রতিনিধি সাইফুল ইসলাম রনি। প্রচার সম্পাদক বাংলা টেলিগ্রামের সিনিয়র রিপোর্টার তানভীর তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ টুডে ও সংবাদ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি নিপু বড়ুয়া এবং দপ্তর সম্পাদক ইউরো বাংলা টোয়েন্টিফোরের সম্পাদক মোহাম্মদ কায়সার আহমেদ।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাই টিভি ও দৈনিক মুক্তখবরের ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, ডিবিসি নিউজ ও চ্যানেল এস ইউকের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর এবং দৈনিক যুগভেরীর ফ্রান্স প্রতিনিধি সাহাদ উদ্দিন।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটিকে দায়িত্ব দেওয়া হয়।
নবগঠিত কমিটির নেতারা বলেন, ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও শক্তিশালী করতে সংগঠনটি কাজ করবে। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ ছাড়া ফ্রান্সে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সাফল্য ও সম্ভাবনার কথা গণমাধ্যমে আরও কার্যকরভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানান সংগঠনের নেতারা।


































