জুলাইয়ের আন্দোলনে লুট পিস্তল মিলল নারায়ণগঞ্জে
- সর্বশেষ আপডেট ০৩:৩৩:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / 111
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-১১।
শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব আলামত উদ্ধার করা হয়।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি বিশেষ দল ওই নির্মাণাধীন ভবনে অভিযান চালায়। ভবনটি ছিনতাই ও মাদকসেবনের আড্ডা হিসেবে ব্যবহৃত হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন পালিয়ে যায়।
পরে ভবনটিতে তল্লাশি চালিয়ে একটি টাইপ-৫৪ (৭.৬২) পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি সিসি ক্যামেরা, দুটি গুলতি ও একটি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়। র্যাবের দাবি, উদ্ধার হওয়া পিস্তলটি জুলাই গণঅভ্যুত্থানের সময় একটি থানা থেকে লুট হয়েছিল।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
































