ববিতে শিবিরের র্যালিতে ছাত্রদলের হামলা, আহত ২০
- সর্বশেষ আপডেট ০১:১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / 75
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিবিরের পূর্বঘোষিত ‘অদম্য জুলাই’ কর্মসূচিতে বহিরাগতদের নিয়ে র্যালি করার অভিযোগ তুলে হামলার ঘটনা ঘটেছে। হামলার পর ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিবিরের সভাপতি মনিরুলসহ ১২ জন এবং ছাত্রদলের ৮ জনসহ মোট ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে শিবিরের ‘অদম্য জুলাই’ কর্মসূচি শেষে ভিসি গেট দিয়ে বের হয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে উঠলে মিছিলে বহিরাগত থাকার অভিযোগ তুলে কয়েকজনের ওপর হামলা চালায় ছাত্রদল। এর পাল্টা প্রতিক্রিয়ায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও উপাচার্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিবিরের ‘অদম্য জুলাই’ র্যালি মহাসড়কে উঠতেই ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী মিছিলে বহিরাগত থাকার অভিযোগ তোলেন এবং হামলার চেষ্টা করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। শিবিরের দাবি, ছাত্রদলের নেতাকর্মীরা আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের বাইরে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছিলেন এবং সংঘর্ষ শুরু হলে তারা লাঠিসোঁটা নিয়ে শিবিরের নেতাকর্মীদের ওপর হামলা চালান।
শিবিরের দাবি, আহত হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সভাপতি মনিরুল ইসলাম, সাব্বির হোসেন (বাংলা), আল আমিন, হাফিজ সিদ্দিক, হেলাল আহমেদ, আবদুল্লাহ আল বাকী (ইংরেজি), আল মামুন সিয়াম, তায়েফ, শারাফাত সিফাতসহ আরও ৫-৬ জন।
অন্যদিকে ছাত্রদলের দাবি, তাদের ৮ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন ইমরান, সিফাত, হৃদয়, জাহিদ, তারিকুল, প্রান্ত, হেনা ও আবদুর রহিম। এছাড়া আরও ৩-৪ জন আহত হয়েছেন বলে সংগঠনটির দাবি।
বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বাবু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। গ্রাউন্ড ফ্লোর থেকে ভিসি গেটের দিকে যাওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান। এতে সভাপতিসহ প্রায় ১৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, ছাত্রশিবির বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিল। এ কারণে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের বাধা দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) বেলাল হোসাইন বলেন, ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।






























