পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ড. খলিলুর রহমান
- সর্বশেষ আপডেট ০৯:১৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 254
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হওয়ার পর বিএনপি সরকার গঠন করেছে। শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন মন্ত্রিপরিষদ কার্যক্রম শুরু হয়েছে, যেখানে দেশের জাতীয়তাবাদী দলের সিনিয়র ও অভিজ্ঞ নেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
এ তালিকার অন্যতম নাম বিশিষ্ট কূটনীতিক ও অর্থনীতিবিদ ড. খলিলুর রহমান, যাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। ড. খলিলুর রহমানকে টেকনোক্র্যাট কোটা থেকে বিএনপি সরকারে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ড. খলিলুর রহমান ১৯৭৯ সালে সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি দক্ষিণ এশিয়া বিভাগে এবং পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে তিনি জাতিসংঘের স্থায়ী মিশনে যোগ দেন, যেখানে সাধারণ পরিষদের অর্থনৈতিক ও আর্থিক কমিটিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন এবং স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) মুখপাত্র হিসেবে কাজ করেন।
১৯৯১ সালে ড. খলিলুর রহমান জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে (আঙ্কটাড) বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। নিউইয়র্ক ও জেনেভায় তিনি জাতিসংঘের গুরুত্বপূর্ণ পদে কর্মরত থাকেন এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন ও ফ্ল্যাগশিপ প্রকাশনার প্রধান রচয়িতা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তিনি ব্রাসেলসে স্বল্পোন্নত দেশগুলোর কর্মসূচি পরিকল্পনার খসড়া তৈরিতে নেতৃত্ব দেন।
ড. খলিলুর রহমান ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি বোর্ডের সদস্য। তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া রোহিঙ্গা সমস্যা এবং দেশের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাইরিপ্রেজেনটেটিভ ও পরবর্তীতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদেও দায়িত্ব পালন করেন।





























