পটুয়াখালীতে নকল-বিদেশি সিগারেটসহ অবৈধ পণ্য জব্দ
- সর্বশেষ আপডেট ০১:৪৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / 38
পটুয়াখালীতে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও বিদেশি সিগারেটসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে কোস্ট গার্ড।
রোববার (৩০ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর থানার সবুজবাগ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ওই এলাকার সন্দেহজনক তিনটি গোডাউনে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের উদ্দেশ্যে মজুদ করা ১৮ হাজার ৪০০ শলাকা নকল সিগারেট, ২ হাজার ৮২০ শলাকা বিদেশি সিগারেট, ৭৪ প্যাকেট রোলিং পেপার এবং ৬০ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। জব্দ করা নকল সিগারেটের আনুমানিক মূল্য ১ লাখ ৭৩ হাজার ৩০০ টাকা।
কোস্ট গার্ড জানায়, যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে গোডাউনে থাকা অসাধু ব্যবসায়ীরা পালিয়ে যায়। ফলে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা সব আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান ও অবৈধ পণ্য বাজারজাত বন্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।




























