হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৫:৪৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / 21
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। নতুন মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা।
মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ১৬২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে আরও ৯৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৯৯১ জনে। একই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে মোট ১৯ হাজার ৩১২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৭৪ জন। এর বিপরীতে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৯ শিশুর।
সব মিলিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭৩ জনে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৭৪ জনের।
এদিকে, একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৩ হাজার ৪০৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে হামের সংক্রমণ ও মৃত্যুর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আক্রান্তদের চিকিৎসা ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


























