জুলাই-আগস্টে বন্যার শঙ্কা: এফএফডব্লিউসি
- সর্বশেষ আপডেট ১০:১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / 16
উজানে ভারী বৃষ্টিপাতের কারণে চলতি বছরের জুলাই ও আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)। একই সঙ্গে কয়েকটি জেলায় নদীর পানি সতর্কসীমায় ওঠার পূর্বাভাস দেওয়া হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের (এফএফডব্লিউসি) নির্বাহী প্রকৌশলী সারদার উদয় রায়হান জানান, বর্ষা মৌসুমে উজান ও দেশের প্রধান নদী অববাহিকায় ভারী বৃষ্টিপাতের কারণে প্রতিবছরের মতো এবারও জুলাই-আগস্টে বন্যার ঝুঁকি রয়েছে। বিশেষ করে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
তিনি বলেন, বর্তমানে ব্রহ্মপুত্র অববাহিকার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হলেও আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে পরিস্থিতি স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উজানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হওয়ায় মেঘনা অববাহিকাও আগামী কয়েক দিন স্বাভাবিক থাকতে পারে।
এফএফডব্লিউসি জানায়, বর্তমানে দেশের অভ্যন্তরীণ নদীগুলোর জন্য ১০ থেকে ১৫ দিন আগে এবং উপকূলীয় নদীগুলোর জন্য প্রায় তিন দিন আগে বন্যার পূর্বাভাস দেওয়া সম্ভব হচ্ছে।
সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪ থেকে ৭ জুলাই কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ায় ব্রহ্মপুত্র-যমুনার পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া আগামী ৭২ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জে সুরমা-কুশিয়ারা নদীর পানিও সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। বর্তমানে তিস্তা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর কয়েকটি পয়েন্টে পানি ইতোমধ্যে সতর্কসীমায় রয়েছে।
এদিকে চলতি মাসে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও আভাস দিয়েছে এফএফডব্লিউসি। এর প্রভাবে উপকূলীয় নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।



































