জামায়াত জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্ণেল অলি
- সর্বশেষ আপডেট ০১:২০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / 108
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম চূড়ান্ত করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘জাতির সঙ্গে কখনও বেঈমানি করব না। জাতির জন্য যেটা ভালো, সেটাই করব।’
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা দেশের কল্যাণের জন্য সর্বোচ্চ ব্যক্তিকে মনোনয়ন দিয়েছি।’
এর আগে রোববার বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক শুরু হয়। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন, রাজনৈতিক সমঝোতা ও পরবর্তী করণীয় নিয়ে বৈঠকে আলোচনা করেন নেতারা।
ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এবং ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বৈঠকে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব নাসিরুদ্দিন পাটোয়ারীসহ জোটের অন্যান্য নেতারা অংশ নেন।
আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে অলি আহমদের মনোনয়নকে ঘিরে এখন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।





























