চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারিত্ব চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
- সর্বশেষ আপডেট ১০:৪৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / 18
চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “বাংলাদেশ এখন বৈশ্বিক ব্যবসার জন্য সম্পূর্ণ প্রস্তুত। বিনিয়োগ আকৃষ্ট করতে আমরা আমলাতান্ত্রিক জটিলতা দূর করে নীতির ধারাবাহিকতা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করছি।” চীনের সঙ্গে আরও গভীর ও টেকসই শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে বাংলাদেশের গভীর আগ্রহের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ের ঐতিহাসিক দিয়াওইউতাই হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’ শীর্ষক উচ্চপর্যায়ের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এই বিশেষ সম্মেলনে বাংলাদেশে বিনিয়োগের নানামুখী সুযোগ-সুবিধা ও সম্ভাবনা নিয়ে চীনা ব্যবসায়ীদের সামনে একটি বিশেষ উপস্থাপনা তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সম্মেলনে চীনের শীর্ষস্থানীয় ১২৫ জন প্রভাবশালী ব্যবসায়ী ও করপোরেট নেতা অংশ নেন।
সম্মেলনে চীনা ব্যবসায়ীদের দোরগোড়ায় ওয়ান-স্টপ সেবা পৌঁছে দিতে এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে দ্রুতই চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ (Investment Office) খোলার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, আন্তর্জাতিক পুঁজি ও বিনিয়োগ সংক্রান্ত প্রাতিষ্ঠানিক কার্যপ্রণালি সম্পূর্ণ ঢেলে সাজাতে তাঁর সরকার ইতোমধ্যে ১৮০ দিনের একটি কঠোর ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এই সংস্কারের ফলে আমলাতান্ত্রিক জড়তা ও সরকারি সেবার ডিজিটালাইজেশন নিশ্চিত করা হচ্ছে, যার মাধ্যমে এখন থেকে মাত্র ১৫ দিনের মধ্যে যেকোনো নতুন ব্যবসার লাইসেন্স অনুমোদন করা হবে।
সরকারপ্রধান আরও উল্লেখ করেন, চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষ অগ্রাধিকার হিসেবে চট্টগ্রামের আনোয়ারায় একটি বৃহৎ ‘চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল’ প্রতিষ্ঠার কাজ চলছে এবং মোংলায় দ্বিতীয় আরেকটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। এই অঞ্চলগুলো চীনা কোম্পানিগুলোর বৈশ্বিক উৎপাদন ও ভ্যালুচেইন সম্প্রসারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাব হিসেবে কাজ করবে। তিনি চীনের ব্যবসায়ীদের এই অভূতপূর্ব সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে যৌথ বা একক বিনিয়োগে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।





































