চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
- সর্বশেষ আপডেট ১১:৫৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / 7
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওভারটেক করতে গিয়ে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর দুটি যানবাহনই সড়কের ওপর ছিটকে পড়ে।
এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত হন অন্তত ১৫ জন। খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠায়।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
দুর্ঘটনার পর চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

































