চরফ্যাশনে ৫০০ পরিবারে বিনামূল্যে গাছের চারা বিতরণ
- সর্বশেষ আপডেট ০৩:৪৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / 15
ভোলার চরফ্যাশনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে একটি ব্যতিক্রমী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে এবং পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর বাস্তবায়নে “Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh (RHL)” প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
দুর্যোগঝুঁকিপূর্ণ পাঁচটি ইউনিয়নে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৫০০ জন উপকারভোগী পরিবার এবং স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফডিএ’র সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুন হোসেন। এছাড়া এফডিএ’র কৃষিবিদ মো. মনিরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আরএইচএল প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মেহেদী আজম বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙন নিত্যদিনের বাস্তবতা। এ অবস্থায় লবণাক্ত সহনশীল মেহগনি, নারিকেল, নিম ও কদবেলের মতো গাছ উপকূল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব গাছ সবুজ বেষ্টনী তৈরি করে ঝড়ের তীব্রতা কমানোর পাশাপাশি মাটির ক্ষয়রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করে।
তারা আরও বলেন, এসব গাছ ভবিষ্যতে ফল ও আয়বর্ধক সম্পদ হিসেবে উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিকল্প জীবিকার সুযোগ তৈরি করবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণের মাধ্যমে পরিবেশ সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি মো. মামুন হোসেন বলেন, “উপকূলীয় জনগোষ্ঠীর জন্য এ ধরনের দীর্ঘমেয়াদি উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এটি পরিবেশ রক্ষার পাশাপাশি জীবন ও জীবিকাকে টেকসই করতে সহায়তা করবে।”
সভাপতি শংকর চন্দ্র দেবনাথ বলেন, “আমাদের লক্ষ্য শুধু গাছ বিতরণ নয়, বরং উপকূলের ঝুঁকিপূর্ণ মানুষের বসতভিটাকে জলবায়ু সহনশীল করে গড়ে তোলা। প্রতিটি গাছ উপকূলের মানুষের টিকে থাকা ও ঘুরে দাঁড়ানোর প্রতীক।”
আয়োজকরা জানান, এই ধরনের অভিযোজনমূলক উদ্যোগ ভবিষ্যতে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমাতে এবং দুর্যোগ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।




































