গণভোটের রায় অস্বীকার করছে বিএনপি: শফিকুর রহমান
- সর্বশেষ আপডেট ১০:১৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / 26
গণভোটে ৭০ শতাংশ মানুষের সমর্থন পাওয়া রাষ্ট্র সংস্কারের প্রস্তাব বিএনপি অস্বীকার করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৯ জুন) মুন্সিগঞ্জে জেলা জামায়াতের বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে তিনি বলেন, অতীতে বিভিন্ন সময় গণভোটের ফল মেনে নেওয়া হলেও ২০২৬ সালের গণভোটের রায় বিএনপি অস্বীকার করছে। জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নের আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
সম্মেলনে ডা. শফিকুর রহমান চাঁদাবাজি ও সিন্ডিকেট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে এসব অপতৎপরতা টিকে আছে। চাঁদাবাজি বন্ধ হলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা স্বস্তি পাবেন। বাজারে কর কমানোর সুফলও মানুষ পাচ্ছে না, কারণ বিভিন্ন খাত এখনো সিন্ডিকেটের নিয়ন্ত্রণে রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দুর্নীতি, অন্যায় ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কাজ করতে হবে।

































