পারমাণবিক নীতি অপরিবর্তিত রাখার ঘোষণা উত্তর কোরিয়ার

- সর্বশেষ আপডেট ০৯:১৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / 208
উত্তর কোরিয়া স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কোনো ধরনের আন্তর্জাতিক চাপেও তারা তাদের পারমাণবিক নীতি পরিবর্তন করবে না।
দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক অবস্থান চূড়ান্ত এবং অপরিবর্তনীয়। তাঁর ভাষায়, এটি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও সাংবিধানিক ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত।
তিনি আরও দাবি করেন, পারমাণবিক অস্ত্র দেশটির জাতীয় নিরাপত্তার মৌলিক অংশ হিসেবে কাজ করছে এবং বাইরের হুমকি মোকাবিলায় এটি প্রয়োজনীয় প্রতিরোধ হিসেবে বিবেচিত। এই নীতিকে দুর্বল করার যেকোনো প্রচেষ্টা কঠোর প্রতিক্রিয়া ডেকে আনতে পারে বলেও তিনি সতর্ক করেন।
এর আগে শিল্পোন্নত সাত দেশের জোট জি–৭ উত্তর কোরিয়ার সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বান পুনর্ব্যক্ত করে এবং তাদের ক্ষেপণাস্ত্র ও সাইবার কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করে। তবে সেই অবস্থানকে পুরোনো ও বাস্তবতাবিবর্জিত বলে প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং।



































