নিলক্ষা-ধরাভাঙ্গা ফেরিঘাট দ্রুত বাস্তবায়নের আশ্বাস
- সর্বশেষ আপডেট ০৮:৫৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / 333
নরসিংদীর রায়পুরার নিলক্ষা ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ধরাভাঙ্গার মধ্যে ফেরিঘাট স্থাপনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
নিলক্ষা ইউনিয়নের সড়ক উন্নয়ন কাজ ও প্রস্তাবিত ফেরিঘাট এলাকা পরিদর্শন শেষে তিনি বলেন, নিলক্ষা-ধরাভাঙ্গা ফেরিঘাট স্থাপনের বিষয়টি জাতীয় সংসদে আলোচনা হচ্ছে। নবীনগরের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নানের সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে এবং তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন। দ্রুত প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
এ সময় সাম্প্রতিক নিলক্ষা সংঘর্ষের প্রসঙ্গ তুলে এমপি বকুল বলেন, এলাকায় সংঘর্ষ, অস্ত্রবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। অবৈধ অস্ত্রধারীদের অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রায়পুরায় অস্ত্রের রাজনীতি চলতে দেওয়া হবে না।
তিনি জানান, সাম্প্রতিক সংঘর্ষে পাঁচজনের প্রাণহানির ঘটনায় বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই প্রতিশোধ নয়, সবাইকে শান্তি ও সম্প্রীতির পথে ফিরে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করারও আহ্বান জানান।
পরিদর্শন শেষে এমপি বকুল রায়পুরার শ্রীরামপুর সানরাইজ পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন এবং বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

































