ইনু-লতিফ সিদ্দিকীসহ ট্রাইব্যুনালে ১১ আসামি
- সর্বশেষ আপডেট ১২:১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / 27
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এদিন ট্রাইব্যুনাল-২-এ মামলাটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল মামলাটি শুনবেন।
হাজির করা ১১ আসামির মধ্যে রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা।
এ মামলার কয়েকজন আসামি বর্তমানে পলাতক রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা ও সাবেক সরকারি কর্মকর্তারা।
পলাতক আসামিদের তালিকায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, পুলিশ ও র্যাবের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট আরও কয়েকজনের নাম রয়েছে। তাদের বিরুদ্ধে আদালতের নির্দেশ অনুযায়ী পরোয়ানা জারি করা হয়েছে।
এর আগে গত ১৬ আগস্ট মামলাটিতে ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল। তবে দুজনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি না হওয়া এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া আসামিদের বিষয়ে নন এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) না পাওয়ায় সময় চায় প্রসিকিউশন। পরে শুনানির জন্য ৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
গত ২৭ জুলাই ট্রাইব্যুনাল-২ এ মামলায় ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি এবং গ্রেপ্তার ব্যক্তিদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়।
মামলায় দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিষয় তুলে ধরা হয়েছে।





























