আট মাসে ধর্ষণের শিকার ৪৫৩ নারী ও মেয়েশিশু

- সর্বশেষ আপডেট ০৮:২৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 9
চলতি বছরের প্রথম আট মাসে দেশে ৪৫৩ নারী ও মেয়েশিশু ধর্ষণের শিকার হয়েছেন। একই সময়ে ২৮৪ জন পারিবারিক সহিংসতা, ১২৮ জন যৌন হয়রানি এবং ৬৩ জন যৌতুকজনিত সহিংসতার শিকার হয়েছেন। এ ছাড়া অ্যাসিড হামলার শিকার হয়েছেন চারজন।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এসব তথ্য তুলে ধরা হয়।
নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় সেভ দ্য চিলড্রেনের সোচ্চার প্রকল্পের ফেমিনিস্ট লিডারশিপ কমিউনিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। এবারের প্রতিপাদ্য ছিল ‘নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা বন্ধ হোক, অপরাধীর দায়মুক্তি নয়; নিশ্চিত হোক ন্যায়বিচার’।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু প্রতিবাদ জানালেই হবে না, অপরাধীদের বিচারের আওতায় এনে ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করা না গেলে সহিংসতা প্রতিরোধের উদ্যোগ কার্যকর হবে না।
ব্রেকিং দ্য সাইলেন্সের নির্বাহী পরিচালক রোকসানা সুলতানা বলেন, পরিবার, কর্মক্ষেত্র ও পথেঘাটে নারীরা প্রতিনিয়ত সহিংসতার শিকার হচ্ছেন। প্রতিবছর এসব ঘটনার বিরুদ্ধে নানা কর্মসূচি ও প্রতিবাদ হলেও বাস্তবায়নের ক্ষেত্রে ঘাটতি থেকে যাচ্ছে। ফলে সহিংসতার মাত্রা কমছে না।
তিনি বলেন, অপরাধীরা যেন কোনোভাবেই দায়মুক্তি না পায়, তা নিশ্চিত করতে হবে। অপরাধীদের শাস্তি নিশ্চিত হলে সমাজে সচেতনতা বাড়বে। এবারের প্রতিপাদ্যের মূল দাবি হচ্ছে, সহিংসতা বন্ধের পাশাপাশি ভুক্তভোগী নারীর ন্যায়বিচার নিশ্চিত করা।
সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি শারমিন সুলতানা লাবণ্য বলেন, ঘরে-বাইরে নারীরা প্রতিনিয়ত নানা ধরনের সহিংসতার মুখোমুখি হচ্ছেন। একজন নারীকে কর্মক্ষেত্রে দক্ষ কর্মী এবং পরিবারে ভালো মা ও স্ত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত নানা সামাজিক প্রত্যাশার চাপে থাকতে হয় তাঁদের।
তিনি বলেন, নারীদের জন্য বড় সমস্যা শুধু সহিংসতা নয়, বরং সহিংসতাকে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার প্রবণতা। ঘরে কিংবা বাইরে কোথাও নারীর নিরাপত্তা নিশ্চিত নয়। এ পরিস্থিতি পরিবর্তনে সামাজিক দৃষ্টিভঙ্গি বদলানো এবং সম্মিলিতভাবে নারীর পাশে দাঁড়ানো প্রয়োজন।
অনুষ্ঠানে আটটি সংগঠনের পক্ষ থেকে নারী নির্যাতন প্রতিরোধে নয় দফা দাবি তুলে ধরেন সবুজের অভিযানের নির্বাহী পরিচালক মাহমুদা বেগম। দাবিগুলোর মধ্যে রয়েছে ধর্ষণ ও যৌন নির্যাতনসহ সব ধরনের সহিংসতা প্রতিরোধে যুগোপযোগী আইন প্রণয়ন, বিদ্যমান আইনের সংস্কার ও কার্যকর বাস্তবায়ন এবং সহিংসতার শিকার নারীদের শারীরিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষতিপূরণের ব্যবস্থা করা।
এ ছাড়া অনলাইন যৌন হয়রানি, সাইবার বুলিং, হুমকি, সম্মতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিও প্রকাশ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি যৌন নিপীড়নমূলক কনটেন্টের বিরুদ্ধে কার্যকর আইন প্রণয়নের দাবি জানানো হয়।
দাবিগুলোর মধ্যে আরও রয়েছে দ্রুত বিচার নিশ্চিত করা, অপরাধীদের দায়মুক্তি বন্ধ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের জবাবদিহি প্রতিষ্ঠা এবং অপরাধী ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ। পাশাপাশি প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত, ডিজিটাল প্ল্যাটফর্মের জবাবদিহি এবং অনলাইন সহিংসতার শিকার নারীদের জন্য নিরাপদ অভিযোগ ও প্রতিকারব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়।
নারীর জন্য সহিংসতামুক্ত জীবন নিশ্চিত করতে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি পরিবার ও সমাজের সহযোগিতা এবং সব ধরনের নির্যাতনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন বক্তারা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্রেকিং দ্য সাইলেন্সের নির্বাহী পরিচালক রোকসানা সুলতানা ও সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি শারমিন সুলতানা লাবণ্য। সমাপনী বক্তব্য দেন বাদাবন সংঘের নির্বাহী পরিচালক লিপি রহমান। এ ছাড়া সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি পারমিতা দাস উপস্থিত ছিলেন।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে ছিল সচেতনতামূলক নাটক, আত্মরক্ষার কৌশল প্রদর্শন ও সাংস্কৃতিক পরিবেশনা। সবুজের অভিযানের নাট্যদল সহিংসতা প্রতিরোধে নাটক পরিবেশন করে। টিম তরঙ্গের সদস্যরা আত্মরক্ষার কৌশল প্রদর্শন করেন। বরিশালের আগৈলঝাড়ার নারীরা কাঁসর, ঘণ্টা ও ঢোল বাজিয়ে নৃত্য পরিবেশন করেন। এ ছাড়া রৌদ্রযাত্রা সংগীতদলের শিল্পীরা জাগরণী সংগীত পরিবেশন করেন।



































