হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

- সর্বশেষ আপডেট ০৫:০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 7
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া নতুন করে ৯৬১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দুজন করে এবং ময়মনসিংহ বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩৮৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। বাকি ১ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জনের শরীরে হাম শনাক্ত হওয়ায় চলতি বছরে নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৬০৮ জনে। একই সময়ে আরও ৯৬১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন।






























