শুভেন্দুর অরাজনৈতিক কথার জবাব দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৩:১৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 7
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাংলাদেশ দখলসংক্রান্ত বক্তব্যকে অরাজনৈতিক ও অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ ধরনের কথাবার্তার জবাব দেওয়ার প্রয়োজন মনে করেন না তিনি। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় বিভিন্ন ঘটনায় আহত পুলিশ সদস্যদের সাহসিকতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পুলিশ পদকসহ অন্যান্য পুরস্কার দেওয়ার ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে অনেক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। কারও মাথায় আঘাত লেগেছে, কারও হাড় ভেঙেছে। অনেকে চিকিৎসা নিলেও বেশ কয়েকজনের দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন রয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চাকরিতে যোগ দেওয়ার আগেই প্রয়োজনে জীবন দিয়ে হলেও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার মানসিক প্রস্তুতি নেন।
সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আন্দোলন চলাকালে পুলিশ সদস্যরা নিজেরা গুরুতর আহত হলেও শ্রমিকদের ওপর হাত তোলেননি। এতে কোনো শ্রমিক আহত বা হতাহত হননি। বিষয়টি দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।
দেশে নতুন করে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। দেশের ভেতরে কেউ কোনো অপতৎপরতা চালাতে পারবে না।
তিনি আরও বলেন, মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরি শ্রমিকেরা স্বাগত জানিয়েছেন এবং শৃঙ্খলা বজায় রেখেছেন। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি অসন্তোষ ছড়ানোর চেষ্টা করছেন। তারা সফল হবেন না।
সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াওয়ের ঘোষণা দেওয়া হচ্ছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের কয়েকটি স্থানে ইউনিয়ন পর্যায়ে মশাল মিছিল হয়েছে। তবে এগুলো বিচ্ছিন্ন ঘটনা।



































