দেশে ফিরেও ন্যায়বিচার বঞ্চিত
প্রশিক্ষণের ঘাটতি, বিদেশে নির্যাতনের শিকার

- সর্বশেষ আপডেট ০৯:০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 7
বিদেশে গিয়ে কাজ করে পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন ছিল বরিশালের নলবুনিয়ার মোসাম্মৎ হাজেরা বেগমের। ক্লিনারের চাকরি নিয়ে সৌদি আরব গিয়েছিলেন তিনি। কিন্তু রিয়াদ বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে নিতে আসেননি নিয়োগকারী প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি।
হাজেরা বেগম বাংলা অ্যাফেয়ার্সকে জানান, বাংলাদেশে রিক্রুটিং এজেন্সি ও দূতাবাসে যোগাযোগ করেও তাৎক্ষণিক কোনো সহায়তা পাননি। তিন দিন বিমানবন্দরের বাইরে রোদে বসে অপেক্ষা করেছেন। খাবার জোটেনি, অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করায় এবং দেশে ফেরত পাঠায়। বিদেশে যাওয়ার জন্য ঋণ করে যে টাকা খরচ করেছিলেন, সেই ঋণের বোঝা নিয়েই ফিরতে হয়েছে তাঁকে।
হাজেরা বেগমের অভিজ্ঞতা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বিদেশে কাজ করতে যাওয়া বাংলাদেশি নারী শ্রমিকদের একটি বড় অংশ নিয়োগের প্রতিশ্রুতি, বেতন, কাজের পরিবেশ ও নিরাপত্তা; বিভিন্ন ক্ষেত্রে প্রতারণা ও নির্যাতনের শিকার হচ্ছেন। দেশে ফেরার পর তাঁদের অভিযোগ নিষ্পত্তি এবং ক্ষতিপূরণ পাওয়ার পথও সহজ নয়। প্রশিক্ষণের ঘাটতি, দালাল ও রিক্রুটিং এজেন্সির অনিয়ম, দুর্বল তদারকি এবং সরকারি অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার সীমাবদ্ধতা তাঁদের সংকট আরও গভীর করছে।
নারী অভিবাসী শ্রমিকদের ওপর নির্যাতন ও শোষণের ভয়াবহ চিত্র উঠে এসেছে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম; ওকাপের এক গবেষণায়। ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত সময়ের ৮৫টি অভিযোগ বিশ্লেষণ করে তৈরি গবেষণায় দেখা যায়, অভিযোগকারীদের মধ্যে ৫০ জন পুরুষ ও ৩৫ জন নারী। তবে নারীদের অভিজ্ঞতা ছিল আরও উদ্বেগজনক। ৩৫ জন নারী অভিযোগকারীর সবাই মজুরি থেকে বঞ্চিত বা মজুরি শোষণের শিকার হয়েছেন। ৮৬ শতাংশ জানিয়েছেন, বিদেশে যাওয়ার আগে যে বেতনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে তা পাননি। শুধু আর্থিক শোষণই নয়, ৯৭ শতাংশ নারী মানসিক নির্যাতন, ৭৭ শতাংশ শারীরিক নির্যাতন এবং ৮৯ শতাংশ আটকে রাখা কিংবা বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। অর্থাৎ, বিদেশে কাজ করতে গিয়ে অনেক নারীর অভিজ্ঞতা শুধু বেতন না পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকেনি; কর্মস্থলে তাঁদের নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদাও গুরুতরভাবে ক্ষুণ্ন হয়েছে।
গবেষণায় উঠে এসেছে, বিদেশে যাওয়ার নিয়োগপ্রক্রিয়া থেকে শুরু করে কর্মস্থলে যোগ দেওয়া পর্যন্ত প্রতিটি পর্যায়েই নানা অনিয়ম ও প্রতারণার মুখে পড়ছেন অভিবাসী শ্রমিকেরা। এর প্রভাব পড়ছে তাঁদের কর্মজীবনেও। অনেকেই চুক্তির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। গবেষণায় দেখা যায়, ৪০ শতাংশ অভিযোগকারী প্রাথমিক চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার আগেই দেশে ফিরেছেন। তাঁদের কেউ কেউ বিদেশে যাওয়ার মাত্র ছয় মাসের মধ্যেই ফিরে আসতে বাধ্য হয়েছেন। এতে একদিকে বিদেশযাত্রায় বিনিয়োগ করা অর্থ হারিয়ে তাঁরা আর্থিক সংকটে পড়ছেন, অন্যদিকে বাড়ছে ঋণের বোঝাও। বিশেষ করে নারী শ্রমিকদের দুর্ভোগ দেশে ফেরার পরও শেষ হচ্ছে না। অনেককে পরিবার ও সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি, সামাজিক কলঙ্ক, পারিবারিক প্রত্যাখ্যান এবং নতুন করে নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে হচ্ছে। ফলে বিদেশে নির্যাতনের ক্ষত নিয়ে দেশে ফিরেও স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া অনেক নারীর জন্য কঠিন হয়ে উঠছে।
হাজেরা বেগমের অভিজ্ঞতা বিদেশগামী নারী শ্রমিকদের প্রস্তুতি ও প্রশিক্ষণের ঘাটতিকেও সামনে নিয়ে আসে। বিদেশযাত্রার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে তাঁর বিএমইটির ছাড়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স, সৌদি আরবের হাসপাতালের চিকিৎসাপত্র ও বিমানের টিকিট; সবই ছিল। বিদেশে যাওয়ার আগে বাধ্যতামূলক তিন দিনের প্রাক্-বহির্গমন প্রশিক্ষণ বা পিডিওও নিয়েছিলেন তিনি। তবে কাজের ধরন অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের (টিটিসি) কোনো প্রশিক্ষণ নেননি। অর্থাৎ, বিদেশে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলেও যে কাজের জন্য তাঁকে সৌদি আরবে পাঠানো হয়েছিল, সে বিষয়ে প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি ছাড়াই দেশ ছেড়েছিলেন হাজেরা।
রাজধানীর কাকলীতে অবস্থিত অ্যারোবিক রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে সৌদি আরবের রিয়াদে আলমাজার কোম্পানিতে ক্লিনিংয়ের চাকরি পেয়েছিলেন হাজেরা বেগম। বিদেশে যাওয়ার প্রক্রিয়ায় দুটি রিক্রুটিং এজেন্সিকে মিলিয়ে তিন লাখ টাকা দিয়েছেন বলে দাবি তাঁর। তবে এত টাকা পরিশোধ করলেও কোনো এজেন্সির কাছ থেকেই অর্থ লেনদেনের লিখিত রসিদ পাননি তিনি। ফলে বিদেশে গিয়ে প্রতারণার শিকার হওয়ার পর অর্থ পরিশোধের আনুষ্ঠানিক প্রমাণ দেখানোর সুযোগও তাঁর হাতে ছিল না।
এ বিষয়ে অ্যারোবিক রিক্রুটমেন্ট এজেন্সির ম্যানেজার রাজীব বাংলা অ্যাফেয়ার্সকে বলেন, হাজেরাকে তাঁরা সরাসরি পাঠাননি; পাঠিয়েছে আল মজিল ইন্টারন্যাশনাল। তাঁর দাবি, হাজেরা তাঁকে সাড়ে তিন লাখ টাকা দেওয়ার কথা জানিয়েছেন। এর মধ্যে আল মজিল ইন্টারন্যাশনাল পেয়েছে এক লাখ ৭০ হাজার টাকা। বাকি টাকা মধ্যস্থতাকারীরা নিয়েছেন বলে জানান তিনি। প্রথমে হাজেরার বিষয়ে তথ্য না থাকলেও পরে তালিকা খুঁজে তাঁর নাম পাওয়া যায় বলে জানান রাজীব।
তবে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন আল মজিল ইন্টারন্যাশনালের ম্যানেজার নুরুদ্দীন। তিনি বলেন, হাজেরাকে সৌদি আরবে পাঠানোর জন্য অ্যারোবিক রিক্রুটমেন্টকে এক লাখ ৭০ হাজার টাকা দেওয়া হয়েছিল। বিমানবন্দরে পৌঁছানোর পর হাজেরাকে গ্রহণ করতে কোম্পানির কোনো প্রতিনিধি না আসার বিষয়টি তিনি আগে জানতেন না বলে দাবি করেন। তাঁর ভাষ্য, সৌদি আরবে পৌঁছানোর এক দিন পর হাজেরা ফোন করে কোথায় আছেন, তা জানতে চান।
নুরুদ্দীন আরও জানান, হাজেরার বিদেশযাত্রায় মোট তিন লাখ ৭৫ হাজার টাকা খরচ হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। এর মধ্যে তাঁদের দেওয়া হয়েছে ৮০ হাজার টাকা। কয়েকজন দালালের হাত ঘুরে হাজেরা অ্যারোবিক রিক্রুটমেন্টের মাধ্যমে তাঁদের কাছে আসেন এবং তাঁর পাসপোর্টও ওই এজেন্সি তাঁদের দিয়েছিল। ক্লিনিং ভিসায় পাঠানোর ক্ষেত্রে ঘটনার দায় এড়ানোর সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, হাজেরাকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে দালালদের নেওয়া টাকার দায় কে নেবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
এ ঘটনায় দুই রিক্রুটিং এজেন্সিকে বিএমইটির মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট অধিশাখায় শুনানিতে ডাকা হয়। আল মজিল ইন্টারন্যাশনালের প্রতিনিধি উপস্থিত হলেও অ্যারোবিক রিক্রুটমেন্টের কেউ আসেননি বলে জানান সংশ্লিষ্ট সহকারী পরিচালক আরজু আক্তার শারমীন।
হাজেরার মতো অনেক নারী গৃহকর্মী বা ক্লিনিংয়ের কাজ নিয়ে বিদেশে যাচ্ছেন পর্যাপ্ত কারিগরি প্রশিক্ষণ ছাড়াই। কেউ শুধু তিন দিনের পিডিও প্রশিক্ষণ নিয়ে যাচ্ছেন, কেউ আবার দালালের মাধ্যমে পাসপোর্ট জমা দিয়ে ভিসার জন্য অপেক্ষা করছেন। বিদেশে গিয়ে ভাষা, কাজের ধরন, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার কিংবা নিয়োগকর্তার নির্দেশনা বুঝতে না পেরে সমস্যায় পড়ছেন তাঁরা।
যশোর কারিগরি প্রশিক্ষণকেন্দ্র ও মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রসহ দেশের বেশির ভাগ প্রশিক্ষণকেন্দ্রে হাউসকিপিং, ড্রাইভিং, ইংরেজি, আরবি ও কোরিয়ান ভাষা, অটোমেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল কাজসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। কিন্তু এসব প্রশিক্ষণ আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা কতটা পূরণ করতে পারছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
যশোরের বিউটি দুই বছর আগে কোনো হাউসকিপিং প্রশিক্ষণ ছাড়াই সৌদি আরবের দাম্মামে গৃহকর্মীর কাজ করতে গিয়েছিলেন। সেখানে তাঁকে দিনরাত কাজ করানো হতো, বিশ্রামের সুযোগ দেওয়া হতো না। অসুস্থ হয়ে পড়লে দুই মাসের বেতন না দিয়েই তাঁকে দেশে ফেরত পাঠানো হয়। এবার তিনি যশোরের টিটিসিতে তিন মাসের প্রশিক্ষণ নিচ্ছেন। তাঁর মতো অনেক নারী আবার বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু প্রশিক্ষণের পাশাপাশি তাঁদের নিয়োগের শর্ত, এজেন্সির পরিচয় ও কর্মস্থলের বাস্তবতা সম্পর্কে জানার সুযোগ কতটা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
জেলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রগুলোতে বিদেশে চাকরির জন্য হাউসকিপিং প্রশিক্ষণ নিতে আসা কিছু নারী কর্মীর মধ্যে প্রশিক্ষণে অনীহাও দেখা গেছে। তাঁরা যে দেশে যাবেন, সেই দেশের ভাষা, খাদ্যাভ্যাস, আচার-আচরণ ও প্রযুক্তিনির্ভর কাজের বিষয়ে পর্যাপ্ত প্রশিক্ষণ না নেওয়ায় নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। ফলে জেলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রগুলোর হাউসকিপিং ও ড্রাইভিং প্রশিক্ষণ, মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রগুলোর হাউসকিপিং প্রশিক্ষণ এবং বিদেশ যাওয়ার আগে বাধ্যতামূলক তিন দিনের প্রাক্-বহির্গমন প্রশিক্ষণ বা পিডিও (প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন) নিয়েও প্রশ্ন উঠেছে। কারিগরি প্রশিক্ষণকেন্দ্র (টিটিসি) যশোর ও খুলনা, মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্র (টিটিসি) খুলনা এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণে প্রশিক্ষণের মান, তদারকি ও সচেতনতার ঘাটতির চিত্র পাওয়া গেছে।
যশোরে হাউসকিপিংয়ের ক্লাস নিচ্ছিলেন প্রশিক্ষকেরা। গৃহকর্মীরা যাতে গৃহকর্তার কথা বুঝতে পারেন, সে জন্য আরবি শব্দের পাশাপাশি বাংলা উচ্চারণও শেখাচ্ছিলেন তাঁরা। ৩০ জন প্রশিক্ষণার্থী সেসব শব্দ একসঙ্গে আওড়াচ্ছিলেন। তাঁদের অনেকেরই ক্লাসে মনোযোগের ঘাটতি লক্ষ্য করা গেছে।
ড্রাইভিং প্রশিক্ষক মো. ইব্রাহিম খলিল প্রশিক্ষণার্থীদের গাড়ি চালানোর প্রশিক্ষণ দিচ্ছিলেন। প্রশিক্ষণ নিতে আসা যশোরের ঝিকরগাছার রিনিগ্ধা বিশ্বাস, বাঘারপাড়ার ইতি অধিকারী ও চাঁচড়ার গৃহবধূ তানিয়া আক্তারের সঙ্গে কথা হয়।
লাইসেন্স পেলে আট বছরের মেয়েকে মায়ের কাছে রেখে সৌদি আরব বা মালয়েশিয়ায় চালকের চাকরি নিয়ে যেতে চান তানিয়া আক্তার।
তানিয়া আক্তার (৩৪) জানান, তাঁর প্রশিক্ষণের আরও দুই মাস বাকি। ড্রাইভিংয়ের পাশাপাশি আরবি ভাষাও শিখবেন তিনি। রাস্তার সাইন দেখে গাড়ি চালানোর প্রস্তুতি নিচ্ছেন। অচেনা দেশে গেলেও সমস্যা হবে না বলে মনে করেন তিনি। তবে এখনো আরবি ভাষা শেখা হয়নি তাঁর।
খুলনার মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রেও হাউসকিপিংয়ের প্রশিক্ষণ নিতে আসা নারীদের মধ্যে ভাষা শেখা ও কাজের দক্ষতা অর্জনে সীমাবদ্ধতা দেখা গেছে। কেউ কয়েকটি আরবি শব্দ শিখেছেন, কিন্তু সেগুলো দিয়ে কথা বলতে পারেন না। কেউ আবার বিদেশে যাওয়ার জন্য দালালের হাতে টাকা দিয়েছেন, অথচ কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাচ্ছেন, তা-ও জানেন না।
মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্র (টিটিসি) খুলনার অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান বাংলা অ্যাফেয়ার্সকে বলেন, বিএমইটি ও সৌদি আরব দূতাবাসের স্বীকৃত মডিউল অনুযায়ী হাউসকিপিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণার্থীদের দক্ষতা যাচাই করে সনদ দেওয়া হয়। যাঁরা প্রয়োজনীয় দক্ষতা প্রদর্শন করতে পারেন না, তাঁদের সনদ দেওয়া হয় না। বিদেশফেরত কর্মীরা ভাষা রপ্ত করেছেন। নতুন প্রশিক্ষণার্থীদের এক মাস ব্যবহারিক প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা দেওয়া হয়। বিদেশে গিয়ে তাঁরা যাতে মালিকের নির্দেশনা ও কথা বুঝতে পারেন, সে বিষয়গুলো শেখানো হয়।
তিনি আরও বলেন, তিন দিনের পিডিও প্রশিক্ষণে বিদেশে গিয়ে কর্মীরা যে কাজ করবেন, সে বিষয়ে তাঁদের দক্ষতা যাচাই করা হয়।
বিএমইটির পরিচালক (প্রশিক্ষণ পরিচালনা) মোছা. শরিফা সুলতানার ভাষ্য, দেশের টিটিসিগুলোতে প্রশিক্ষকেরা কীভাবে প্রশিক্ষণ দিচ্ছেন, তা নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের উপস্থিতি দেখা হয়। এসআইসিপি প্রকল্পের আওতায় ফিজিক্যাল ও ফিন্যানশিয়াল মনিটরিং টিম বিষয়গুলো পর্যবেক্ষণ করে। ডিজিটালাইজেশনের কারণে মনিটরিং আগের চেয়ে উন্নত হয়েছে।
তিনি আরও বলেন, জাতীয় সনদপত্র ছাড়া প্রশিক্ষণে নিবন্ধন করা হয় না। প্রশিক্ষণ শেষে ফিঙ্গারপ্রিন্ট ও ফেস রিকগনিশনের মাধ্যমে পরিচয় যাচাই করা হয়। ওয়েবিং প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগগুলো পর্যবেক্ষণ করা হয়।
চুক্তি, বেতন ও কাজের প্রতিশ্রুতিতে বড় ফারাক
ওকাপের গবেষণায় বিদেশে পৌঁছানোর পর নারী ও পুরুষ অভিবাসীদের অভিজ্ঞতায়ও পার্থক্য দেখা গেছে। নারী শ্রমিকদের ৫৪ শতাংশ কাজের অনুমতি পাননি বলে জানিয়েছেন। ৮৬ শতাংশ প্রতিশ্রুত বেতন নিয়ে প্রতারণার অভিযোগ করেছেন। তাঁদের ১০০ শতাংশ মজুরি শোষণের শিকার হয়েছেন। ৮৩ শতাংশের ক্ষেত্রে লিখিত চাকরির চুক্তি না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ৫৭ শতাংশ নারী চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দেশে ফিরেছেন। পুরুষদের ক্ষেত্রে প্রতিশ্রুত চাকরি নিয়ে প্রতারণার হার ৭৮ শতাংশ, প্রতিশ্রুত বেতন নিয়ে প্রতারণার হার ৬৮ শতাংশ এবং মজুরি শোষণের হার ৪২ শতাংশ।
নারী শ্রমিকদের ক্ষেত্রে নিয়োগের সময় দেওয়া প্রতিশ্রুতি ও বাস্তবে পাওয়া বেতনের মধ্যে বড় ব্যবধান তৈরি হয়েছে। লিখিত চুক্তি না থাকায় কাজের ধরন, বেতন ও অন্যান্য শর্ত প্রমাণ করাও কঠিন হয়ে পড়ে। ফলে নিয়োগকর্তা বা এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে পারেন না অনেকে। গবেষণায় আরও বলা হয়েছে, নারী অভিযোগকারীদের মধ্যে ৬২ শতাংশ প্রতিশ্রুত চাকরি ও ভিসার মধ্যে অমিলের কথা জানিয়েছেন।
গবেষণার অভিযোগকারীদের মধ্যে ৩৫ জন নারী শ্রমিকের ৩৪ জনই সৌদি আরব থেকে ফিরেছেন। পুরুষদের মধ্যে ৫০ জনের ৩৯ জন সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। অন্যরা মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, জর্ডান ও কম্বোডিয়া থেকে ফিরেছেন। অর্থাৎ, সৌদি আরব থেকে ফিরে আসা অভিযোগকারীর সংখ্যা উল্লেখযোগ্য। তবে সীমিত এই তথ্য দিয়ে ওই দেশগুলোর সব কর্মস্থল বা নিয়োগব্যবস্থা সম্পর্কে সামগ্রিক সিদ্ধান্তে পৌঁছানো যায় না।
অভিযোগের স্বীকৃতি আছে, তদন্ত ও প্রতিকারে ঘাটতি
বিদেশে নির্যাতন বা প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার পর অভিবাসী শ্রমিকদের ভরসার জায়গা বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। কিন্তু ওকাপের গবেষণায় সংস্থাটির অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থায় বেশ কিছু দুর্বলতা উঠে এসেছে।
গবেষণায় পর্যবেক্ষণ করা ৮৫টি অভিযোগের সব কটির প্রাপ্তিস্বীকার দেওয়া হলেও আবেদনপত্র সরকারি নথি থেকে হারিয়ে যাওয়া এবং পুনরায় জমা দেওয়ার প্রয়োজন হওয়ার ঘটনা ঘটেছে। এতে অভিযোগ গ্রহণের আনুষ্ঠানিকতা থাকলেও নির্ভরযোগ্য মামলা ব্যবস্থাপনার ঘাটতি স্পষ্ট হয়েছে। মামলার অগ্রগতি অনেকাংশে নির্ভর করেছে অভিযোগকারীর নিজের নথি প্রস্তুত করা, কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং বারবার খোঁজ নেওয়ার সক্ষমতার ওপর। স্বল্পশিক্ষিত, আর্থিকভাবে অসচ্ছল ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সম্পর্কে অনভিজ্ঞ শ্রমিকদের জন্য এটি বড় বাধা।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ৮৫টি অভিযোগের কোনোটির ক্ষেত্রেই আলাদাভাবে নথিভুক্ত তদন্তের তথ্য পাওয়া যায়নি বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, অভিযোগের সত্যতা যাচাই, প্রমাণ সংগ্রহ এবং দায় নির্ধারণের জন্য পদ্ধতিগত তদন্ত হয়েছে কি না, তা স্পষ্ট নয়। গবেষকদের পর্যবেক্ষণ, ব্যবস্থাটি অনেক ক্ষেত্রে তথ্য অনুসন্ধানের বদলে শুনানি ও মীমাংসার প্রক্রিয়া হিসেবে কাজ করছে। ফলে অভিযোগে দায় নিয়ে বিরোধ, অসম্পূর্ণ নথি কিংবা পরস্পরবিরোধী বক্তব্য থাকলে প্রকৃত ঘটনা নির্ধারণ কঠিন হয়ে পড়ে।
আইনি কাঠামো অনুযায়ী ৩০ কার্যদিবসের মধ্যে শুনানির ব্যবস্থা করার কথা থাকলেও গবেষণায় দেখা গেছে, ৪৪ শতাংশ অভিযোগের শুনানি হতে ১২ সপ্তাহ পর্যন্ত সময় লেগেছে। ২৯ শতাংশ অভিযোগের ক্ষেত্রে শুনানিই ডাকা হয়নি। শুনানির নোটিশ দেওয়ার ক্ষেত্রে আনুষ্ঠানিক লিখিত যোগাযোগের পরিবর্তে টেলিফোনের ওপর নির্ভরতার কথাও উঠে এসেছে। এতে অভিযোগকারী ও অভিযুক্ত পক্ষের মধ্যে যোগাযোগ এবং প্রক্রিয়ার নথিপত্র দুর্বল হওয়ার ঝুঁকি তৈরি হয়। গবেষণায় আরও বলা হয়েছে, ১৫ শতাংশ ক্ষেত্রে নিয়োগকারী সংস্থার প্রতিনিধি শুনানিতে উপস্থিত হননি। অন্যদিকে, অভিযোগকারীরা অসম অংশগ্রহণ, মীমাংসার জন্য চাপ এবং ভীতিপ্রদ বা অবজ্ঞাপূর্ণ আচরণের অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
ক্ষতিপূরণে মিলছে সামান্য অর্থ
গবেষণাকালীন ৮৫টি অভিযোগের মধ্যে ২৮টির সমাধান হয়েছে, পাঁচটি বন্ধ করা হয়েছে এবং ৫২টি অমীমাংসিত ছিল। সমাধান হওয়া অভিযোগগুলোর ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণও ছিল খুব কম। পুরুষদের ক্ষেত্রে গড় ক্ষতিপূরণ তাঁদের অভিবাসন ব্যয়ের মাত্র ১৫ শতাংশ এবং নারীদের ক্ষেত্রে ১২ শতাংশ। অথচ বিদেশে যেতে নিয়োগ ফি, ঋণ, বকেয়া মজুরি, দেশে ফেরার খরচ এবং নির্যাতনের কারণে যে আর্থিক ও ব্যক্তিগত ক্ষতি হয়, তার তুলনায় এই অর্থ সামান্য।
ক্ষতিপূরণ নির্ধারণের জন্য প্রমাণভিত্তিক ও অভিন্ন পদ্ধতি না থাকায় দর-কষাকষির ক্ষমতা বেশি থাকা পক্ষ সুবিধা পেতে পারে বলে গবেষণায় উদ্বেগ জানানো হয়েছে। নিয়োগ ফি, অভিবাসন-সম্পর্কিত ঋণ, বকেয়া বেতন, দেশে ফেরার ব্যয় ও অন্যান্য ক্ষতি বিবেচনায় নিয়ে ক্ষতিপূরণ নির্ধারণের স্বচ্ছ মানদণ্ড প্রয়োজন।
দায় কার, কী বলছেন সংশ্লিষ্টরা
বিদেশে গিয়ে নারীদের এই বঞ্চনা সম্পর্কে জানতে চাইলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) বহির্গমন শাখার সহকারী পরিচালক এনামুল হক বলেন, হাউসকিপিংয়ের কাজে সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে কর্মীদের শূন্য খরচের ভিসায় যাওয়ার কথা। তাঁদের দালাল বা রিক্রুটিং এজেন্সির সঙ্গে অর্থ লেনদেন করার কথা নয়। অভিযোগ পেলে তা তদন্ত করে দোষ প্রমাণিত হলে জরিমানা করা হয়। তবে দালাল টাকা নিয়ে পালিয়ে গেলে অনেক সময় তাঁদের খুঁজে পাওয়া যায় না। তাঁর মতে, বিদেশে যাওয়ার আগে কর্মীদেরও সচেতন হওয়া জরুরি। প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় দক্ষতা অর্জন না হলে পাঠ্যক্রম পরিবর্তনের প্রয়োজন হতে পারে।
বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক জিল্লুর রহমান খান বলেন, কোনো দালাল রিক্রুটিং এজেন্সির সঙ্গে যুক্ত থেকে প্রতারণা করলে ২০১৭ সালের বিধির আওতায় সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনিরের মতে, বিদেশে যাওয়ার আগে কর্মীদের গন্তব্য দেশের বাস্তবতা অনুযায়ী প্রশিক্ষণ দিতে হবে। সৌদি আরবের বাসাবাড়ির পরিবেশ, কাজের ধরন, প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি এবং ভাষা শেখানোর জন্য বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রয়োজন। শুধু ছবি দেখিয়ে বা যন্ত্রপাতির নাম শেখালে হবে না; হাতে-কলমে অনুশীলনের ব্যবস্থা থাকতে হবে। প্রশিক্ষকদেরও আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
সার্বিক বিষয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, দেশের ১১০টি কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে বিদেশগামীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। হাউসকিপিং ও ক্লিনিংয়ের কাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ছে। তাই প্রশিক্ষণের মান উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর হালনাগাদ যন্ত্রপাতি সরবরাহের চেষ্টা চলছে। বিদেশে গিয়ে কর্মীরা সমস্যায় পড়লে রিক্রুটিং এজেন্সির প্রথম সাড়া দেওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তা পাওয়া যায় না; এমন অভিযোগ রয়েছে। এসব সমস্যা সমাধানে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে কাজ করার কথা জানান তিনি। রিক্রুটিং এজেন্সিগুলোর জবাবদিহি নিশ্চিত করতে পারফরম্যান্সের ভিত্তিতে গ্রেডিং চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশের কারিগরি প্রশিক্ষণকেন্দ্রগুলোতে হাউসকিপিং প্রশিক্ষণে ভর্তি হয়েছিলেন ৩৭ হাজার ৯৩৩ জন। তাঁদের মধ্যে নারী ছিলেন ৩৭ হাজার ৮৮৩ জন। সনদ পেয়েছেন ৩৪ হাজার ৮৫৪ জন। ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ভর্তি হয়েছেন ৩৮ হাজার ১৮৮ জন, যাঁদের মধ্যে নারী ৩৮ হাজার ১২০ জন। সনদ পেয়েছেন ৩৬ হাজার ২৭৮ জন। তবে প্রশিক্ষণে ভর্তি ও সনদ পাওয়ার সংখ্যা দিয়ে প্রশিক্ষণের গুণগত মান কিংবা বিদেশে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে কি না, তা বোঝা যায় না।
হাজেরা বেগমের মতো নারীরা বিদেশে যাওয়ার আগে ঋণ করেন, পরিবারকে সচ্ছল করার স্বপ্ন দেখেন। কিন্তু প্রতারণা, নির্যাতন ও দুর্বল প্রতিকারব্যবস্থার কারণে তাঁদের অনেকের সেই স্বপ্ন ভেঙে যায়। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে শুধু প্রশিক্ষণ বা সচেতনতামূলক কর্মসূচি যথেষ্ট নয়; নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা, এজেন্সির জবাবদিহি, কার্যকর তদন্ত, সময়মতো অভিযোগ নিষ্পত্তি এবং ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করাও জরুরি। তা না হলে বিদেশে শ্রম দিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখা নারীদেরই দেশে ফিরে ঋণ, সামাজিক চাপ ও অনিশ্চয়তার বোঝা বইতে হবে।

































