জন্মদিনে ভালোবাসায় সিক্ত ডা. আয়েশা শিল্পী

- সর্বশেষ আপডেট ০২:৫৪:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 16
সহকর্মী, চিকিৎসক সমাজ, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসা এবং শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত ডা. আয়েশা আক্তার শিল্পী। আজ তাঁর জন্মদিন উপলক্ষে সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও কর্মস্থলে শুভানুধ্যায়ীরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
বর্তমানে তিনি রাজধানীর শ্যামলীতে অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের উপ-পরিচালক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি একই হাসপাতালের সহকারী পরিচালক হিসেবেও প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। তবে দাপ্তরিক পদ-পদবির চেয়েও সহকর্মী, রোগী এবং সাধারণ মানুষের কাছে তিনি ‘ডা. আয়েশা আপা’ নামেই বেশি আপন ও জনপ্রিয়। সদা হাস্যোজ্জ্বল চেহারা, আন্তরিক ব্যবহার এবং রোগীদের প্রতি মমত্ববোধ তাঁকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
চিকিৎসা পেশায় তাঁর মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি হয় করোনাকালীন মহামারির সময়। জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখসারির যোদ্ধা হিসেবে তিনি দিনরাত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে বিপদগ্রস্ত যেকোনো রোগীকে সঠিক চিকিৎসা ও পরামর্শ দিয়ে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। কর্মস্থলে সেবা নিতে আসা মানুষদের প্রতি তাঁর এই নিঃস্বার্থ ভালোবাসার কথা স্মরণ করে আজ অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
শুধু রোগী বা সহকর্মীরাই নন, গণমাধ্যমকর্মীদের কাছেও ডা. আয়েশা শিল্পী অত্যন্ত আস্থা ও ভরসার একটি নাম। স্বাস্থ্যবিষয়ক যেকোনো সঠিক তথ্য প্রদান এবং জরুরি প্রয়োজনে সাংবাদিকদের সহযোগিতায় তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেন।
জন্মদিনে অসংখ্য মানুষের ভালোবাসায় আপ্লুত ডা. আয়েশা আক্তার শিল্পী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁর শুভানুধ্যায়ী ও সহকর্মীরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও মানুষের সেবায় আরও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।






























